অধ্যায় তিন : জীবনের জন্য পানি
(গত ২১ সেপ্টেম্বর প্রকাশের পর)
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: পানিদূষণের প্রধান কারণগুলো লেখ।
উত্তর: মানুষের অসাবধানী কাজের ফলে পানিতে নানা দ্রব্য মিশে পানি দূষিত হয়। নিচে পানিদূষণের প্রধান কারণগুলো উল্লেখ করা হলো-
(১) পুকুর বা নদীর পানিতে বাসনকোসন মাজা, গোসল করা, ময়লা কাপড় কাচা, গরু-মহিষ গোসল করানো, পাট পচানো, পায়খানা-প্রস্রাব করা, প্রাণীর লাশ ফেলা প্রভৃতি উপায়ে নদী-নালা, খাল-বিল ও পুকুরের পানি দূষিত হয়।
(২) কলেরা, আমাশয়, টাইফয়েড ও ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর মলমূত্র, বিছানাপত্র ও জামাকাপড় পুকুর, খাল-বিল বা নদীর পানিতে ধোয়ার পর তা থেকে রোগজীবাণু মিশে পানি দূষিত হয়।
(৩) কল-কারখানার বর্জ্য পানিতে ফেললে পানি দূষিত হয়। কারণ এই বর্জ্যে ক্ষতিকর পদার্থ মিশে থাকে।
(৪) কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে তা বৃষ্টির পানিতে ধুয়ে খাল-বিল ও নদীর পানিতে মেশে, যা পানিকে দূষিত করে।
(৫) বন্যা ও জলোচ্ছ্বাসের সময় গ্রাম ও শহরাঞ্চল পানিতে ডুবে যায়। এতে মানুষ ও গৃহপালিত পশুপাখির মলমূত্র পানিতে মিশে পানযোগ্য পানিকে দূষিত করে।
(৬) মাটির নিচে আর্সেনিক জাতীয় খনিজ পদার্থ থাকে। আর্সেনিক ভূগর্ভের পানির স্তরের সংস্পর্শে এলে তা পানিতে মিশে পানিকে দূষিত করে।
(৭) গাছের পাতা, খড়কুটা, গাছগাছড়া, পোকা, শৈবাল ইত্যাদি পচে পানিকে দূষিত করে।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর