দ্বিতীয় অধ্যায় : ভেক্টর
(গত ১২ জানুয়ারি প্রকাশের পর)
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: সমরৈখিক ভেক্টর বা সমরেখ ভেক্টর কাকে বলে?
উত্তর: দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর (বা পরস্পর সমান্তরালে) ক্রিয়া করে, তবে তাদের সমরৈখিক বা সমরেখ ভেক্টর বলে।
প্রশ্ন: সমতলীয় ভেক্টর কী?
উত্তর: দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে তবে তাদের সমতলীয় ভেক্টর বলে।
প্রশ্ন: স্বাধীন বা মুক্ত ভেক্টর কী?
উত্তর: কোনো ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছামতো নির্বাচন করা যায়, তবে ওই ভেক্টরকে স্বাধীন বা মুক্ত ভেক্টর বলে।
প্রশ্ন: সীমাবদ্ধ ভেক্টর বা পরাধীন ভেক্টর কাকে বলে?
উত্তর: কোনো ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা যদি নির্দিষ্ট করা থাকে তবে ওই ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলে।
প্রশ্ন: সঠিক ভেক্টর কী?
উত্তর: যেসব ভেক্টরের মান শূন্য নয় তাদের সঠিক ভেক্টর বলে।
প্রশ্ন: সম-প্রারম্ভিক ভেক্টর কী?
উত্তর: দুই বা ততোধিক ভেক্টরের পাদবিন্দু একই হলে তাদের সম-প্রারম্ভিক ভেক্টর বলে।
আরো পড়ুন : ভেক্টর অধ্যায়ের ১৫টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্র
প্রশ্ন: অসমতলীয় ভেক্টর কাকে বলে?
উত্তর: দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান না করে তবে তাদের অসমতলীয় ভেক্টর বলে।
প্রশ্ন: অক্ষীয় ভেক্টর কাকে বলে?
উত্তর: বস্তুর ঘূর্ণনের সঙ্গে যুক্ত ভেক্টরকে অক্ষীয় ভেক্টর বলে।
প্রশ্ন: ভেক্টর যোগের সাধারণ নিয়ম বলতে কী বুঝ?
উত্তর: দুটি সমজাতীয় ভেক্টরের যোগফল নির্ণয়ের জন্য প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হয়। তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোজক রেখার দৈর্ঘ্য ভেক্টরের লব্ধির মান নির্দেশ করে এবং লব্ধির দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে।
প্রশ্ন: ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র লেখ।
উত্তর: যদি দুটি ভেক্টরকে যথাক্রমে মানে ও দিকে একইক্রমে কোনো ত্রিভুজের দুটি বাহু দিয়ে প্রকাশ করা যায়, তবে ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীতক্রমে ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে।
প্রশ্ন: ভেক্টর যোগের সামান্তরিকের সূত্র লেখ।
উত্তর: কোনো বিন্দুতে একই সঙ্গে ক্রিয়ারত দুটি একই জাতীয় ভেক্টরকে যথাক্রমে মানে ও দিকে ওই বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের দুই সন্নিহিত বাহু দিয়ে নির্দেশ করলে, ওই বিন্দুগামী কর্ণ ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে।
লেখক : সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
কবীর