বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপি।
রবিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু)। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। দোয়া পরিচালনা করেন আফজাল হোসেন শিকদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া বিএনপি নেতা নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আব্দুল বাছিত, আবদুল হান্নান, মুশফিক চৌধুরী খসরু, মাহাবুবুর রহমান শাহিন, মাহাতাব আহম্মেদ, শাহাদাত হোসেন শাহিন, ফারুক হাওয়ালাদার, সৈয়দ নাসির উদ্দিন জেবুল, লোকমান হোসেন, ও কামাল হোসেন তরুণসহসহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন শাহিন হক। এরপর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তার জীবনী, দেশপ্রেম, কর্মময় জীবন এবং বাংলাদেশের অগ্রগতিতে তার অবদান নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
প্রামাণ্য চিত্রটি উপস্থাপনায় ছিলেন ওয়াহিদা রহমান ও শাহিদা রহমান। যারা গভীর আন্তরিকতার সঙ্গে নেতাকর্মীদের সামনে জিয়াউর রহমানের সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানের এই অংশটি উপস্থিত নেতাকর্মীদের মধ্যে দেশপ্রেম এবং ঐতিহাসিক চেতনার অনুভূতিকে জাগ্রত করে।
অনুষ্ঠানটি ছিল শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আদর্শ ও সংগ্রামী জীবনের দিকগুলো তুলে ধরার একটি মহৎ প্রয়াস। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের কল্যাণ কামনা করা হয়।
শফিকুল ইসলাম/এমএ/