দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা যেন বেড়েই চলেছে। বিশেষ করে মাগুরার ৮ বছরের শিশু আছিয়ার সঙ্গে যে নির্মম ঘটনা ঘটেছে সেটা নিয়ে নেটিজেন থেকে শুরু করে চলচ্চিত্র জগতের তারকারাও আসামিদের দ্রুত বিচারের দাবি নিয়ে সোচ্চার অবস্থান নিয়েছেন। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (১০ মার্চ) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) মূল ফটকের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন কিংবদন্তি অভিনেত্রী রোজিনা, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরসহ আরও অনেকে। এ সময়ে চিত্রনায়িকা রোজিনা বলেন, ‘আছিয়ার মত ছোট একটি মেয়ের সাথে যারা এমন অন্যায় করেছে তারা মানুষ না। তারা মানুষ নামের ভয়ংকর জন্তু। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা তাদেরকে জনসম্মুখে ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় এ প্রতিবাদ চালিয়ে যাবো।’
মানববন্ধনে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আমরা চাই শিশু ধর্ষণসহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক যেন অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না দশবার ভাবে। একইসঙ্গে, প্রমাণ সংগ্রহ ও তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে যেন অপরাধীরা কোনোভাবেই রেহাই না পায়। শুধু কঠোর শাস্তিই যথেষ্ট নয়, সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাও অপরিহার্য বলে আমরা মনে করি।’
এছাড়াও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করার প্রতি আহ্বান জানান এ অভিনেতা। সঙ্গে শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতকরণে সরকার ও বিচার বিভাগের প্রতি অনুরোধ জানান তিনি।
বিএফডিসি’র সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রোজিনা, ডিএ তায়েব, শিপন মিত্র, রুমানা ইসলাম মুক্তি, পলি প্রমুখ।
/শাকিল