এ সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয় হয়েছেন তিনি। চরিত্রের জন্য ভাঙেন আবার গড়েনও। এবার সবাইকে চমকে দিলেন এই অভিনেতা। ভয়ঙ্কর এক কান্ড ঘটালেন অভিনয়ের প্রয়োজনে। আর সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
‘খোয়াবনামা’ নামের একটি নাটকে কবরে শুয়ে কাফনের কাপড় মুড়িয়ে ছয়টি জ্যান্ত সাপের সঙ্গে অভিনয় করে সবাইকে অবাক করে দিয়েছেন তৌসিফ। সেই সঙ্গে সবার প্রশংসাও কুড়াচ্ছেন তিনি।
নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় একটি দৃশ্যে তৌসিফকে দেখা যাবে। সদ্য প্রকাশিত পোস্টারে দেখা গেছে—কবরে শুয়ে থাকা লাশ এবং চারপাশে সাপের উপস্থিতি।
এই নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। এতে কাজ করা কঠিন ছিল বলেই জানিয়েছেন তৌসিফ মাহবুব। এমন দৃশ্যে অভিনয় করা প্রসঙ্গে তৌসিফ জানান, কবরে রাত ৩টার সময় শুতে হয়েছে তাকে। এমনকি জলজ্যান্ত সাপকে ছেড়ে দেওয়া হয়েছে তার ওপরে।
তৌসিফ গণমাধ্যমকে বলেন, ‘ছয়টি জলজ্যান্ত সাপ আমার ওপরে ছেড়ে দিয়েছে এবং সবচেয়ে ভয়ংকর জিনিস হচ্ছে যে, একসঙ্গে অনেকগুলো ভয় জয় করতে হয়েছে। মানুষের সবচেয়ে বড় ভয় মরে যাওয়া, মৃত্যুর ভয়। আমি একটা লাশ হয়ে কবরে শুয়ে আছি। এর আগে আমি একটা লাশ হয়ে গাড়িতে শুয়েছিলাম। তখনই একটা অদ্ভুত ফিল হয়েছিল যে আমরা যদি কখনো লাশ হয়ে যাই তাহলে কেমন হতে পারে?
অভিনয় করতে গিয়ে তো কত রকম চরিত্রে কাজ করি। লাশের চরিত্রগুলো করতে গিয়ে আমি ভয় পাই সব সময়। তার মধ্যে যখন কবরে শুয়ে কবর থেকে আমি মানুষগুলোকে দেখছি, আমি মরে গেলে তো একদিন আমাকেও এভাবে মাটি দেওয়ার প্রিপারেশন নেবে। এটাই সত্যি, এটাই বাস্তব।’
অভিজ্ঞতা শেয়ার করে তৌসিফ বলেন, ‘শুটিংয়ে তো আমাকে মাটি দেওয়া হলো না। আমার ওপরে ৬টি সাপ ছেড়ে দেওয়া হয়েছে। কোনোটা মুখের ওপর দিয়ে যাচ্ছিল, কোনটা বুকের ওপর দিয়ে, কোনোটা ঘাড়ের ওপরে। আমার চরিত্রটা ছিল লাশের। তাই আমি যদি ভয় পেয়ে যাই ওদের সরাতেও পারব না।
যদি কেউ আক্রমণও করে ফেলে তাহলেও আমাকে রক্ষা করার উপায় নেই। কারণ ইউনিটের সবাই দূরে ছিল। শুধু সাপের বেদিনি আমার কাছে ছিল সাপ নিয়ে। অনেকেই বলছে এটা গ্রাফিকস। সত্যিকারের সাপ দিয়েই আমাদের শুটিং হয়েছে। আমার কাছে ভিডিও আছে।’
/এমএস