দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুকে অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি।
বিরোধী দল জানিয়েছে, হানের অভিশংসনের জন্য বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হয়েছে ও শুক্রবার (২৭ ডিসেম্বর) এ বিলের ওপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
হানের পূর্বসূরি ইয়োন সুক ইয়োল অভিশংসিত হওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় এই সিদ্ধান্ত নিল বিরোধী দল। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকায় হানের অভিশংসন অনেকটাই নিশ্চিত বলা চলে।
ডেমোক্র্যাটিক পার্টির ফ্লোর লিডার পার্ক চান-দায়ে এক বিবৃতিতে বলেছেন, এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে, সংবিধান রক্ষায় হান ডাক-সুর যোগ্যতা বা সদিচ্ছার ঘাটতি রয়েছে। সাংবিধানিক আদালতে তিন বিচারপতির নিয়োগকে কেন্দ্র করে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির রোষের শিকার হয়েছেন হান।
চলতি মাসের ৩ তারিখে সামরিক আইন জারির ঘোষণা দিয়ে পুরো দেশকে রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দেন অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। এখন হানকেও অভিশংসনের মুখোমুখি করা হলে দেশটিতে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে বলে আশংকা করা হচ্ছে। সূত্র: রয়টার্স