ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার সময় আরও একদিন পিছিয়েছে।
নাসা জানায়, বুধবারের (১৯ মার্চ) আগে সুনীতারা ফিরছেন না। তবে বুধবার ঠিক কোন সময়ে তাদের মহাকাশযান পৃথিবীতে অবতরণ করবে সেটিও স্পষ্ট করেছে নাসা।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ৯ মাস পর তারা পৃথিবীতে ফিরতে চলেছেন। তাদের ফেরাতে আইএসএসে পৌঁছে গেছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ক্রু-১০।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে (বাংলাদেশ সময়ে বুধবার ভোর ৪টা) তারা অবতরণ করবেন।
রবিবার (১৬ মার্চ) রাতে এক বিবৃতিতে তাদের ফেরার নির্দিষ্ট সময় জানায় নাসা। এই অবরতরণ প্রক্রিয়া নাসা সরাসরি সম্প্রচার করবে।
নাসা জানায়, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিট থেকেই সুনীতাদের অবতরণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে। নাসার ওয়েবসাইটে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে তা দেখা যাবে।
গত রবিবার সকালে সুনীতাদের ফেরাতে মহাকাশ স্টেশনে পৌঁছে স্পেসএক্সের ড্রাগন যানটি। সেখানে যাওয়া চার নভোচারীকে সুনীতারা তাদের দায়িত্ব হস্তান্তর করে ফিরবেন। আগামী কিছু দিনের জন্য মহাকাশ স্টেশন পরিচালনার দায়িত্ব থাকবে এই চার মহাকাশচারীর উপর।
তারা হলেন- নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।
এ ছাড়া, সুনীতা এবং বুচের সঙ্গে পৃথিবীতে ফিরছেন নাসার নিক হগ এবং রুশ নভোচারী আলেকজান্ডার গর্বুনভ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
দিনা/অমিয়/