থাইল্যান্ডের ব্যাংককে চাতুচাক জেলার ওর টর কোর বাজারে এক ব্যক্তি পাঁচজনকে গুলি করে হত্যা করার পর আত্মহত্যা করেছেন।
নিহতদের মধ্যে চারজন নিরাপত্তারক্ষী ও একজন এই বাজারের নারী ব্যবসায়ী বলে নিশ্চিত করেছেন উদ্ধারকর্মীরা। এই ঘটনায় আরও দুই নারী আহত হয়েছেন।
সোমবার (২৮ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টা ৩৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর বন্দুকধারীকে বাজারের ভেতরে একটি বেঞ্চে মৃত অবস্থায় পাওয়া যায়। তার পরনে ছিল কালো টি-শার্ট এবং ক্যামোফ্লাজ শর্টস। মরদেহের পাশে একটি ব্যাগ ছিল। পুলিশ একটি পরিচয়পত্র এবং একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করেছে।
হামলাকারীর নাম নোই প্রাইডেন (৬১)। তিনি খোং জেলার নাখোন রাতচাসিমার বাসিন্দা।
ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্দুকধারী প্রত্যক্ষদর্শীদের দিকে দৌড়ে যাচ্ছেন, নিরাপত্তারক্ষীদের মরদেহ বাজারের ভেতরে রাস্তায় পড়ে রয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। সূত্র: ব্যাংকক পোস্ট
অমিয়/