পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) সরকারি সফরে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ক রয়েছে, যা পারস্পরিক অর্থনৈতিক স্বার্থ, কৌশলগত সামরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। এ সম্পর্কের আওতায় অর্থনৈতিক সহায়তা ও জ্বালানি সরবরাহের মতো বিষয়গুলো আছে। প্রসঙ্গত, রিয়াদ ইসলামাবাদের জন্য আর্থিক সাহায্য ও তেলের একটি গুরুত্বপূর্ণ উৎস।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শাহবাজ এই রাষ্ট্রীয় সফরে গেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সফরকালে প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন, সেখানে পাকিস্তান-সৌদি আরব সম্পর্কের পূর্ণাঙ্গ চিত্র পর্যালোচনা করা হবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় করবেন। এই সফরের ফলে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আনুষ্ঠানিক রূপ পাবে, যা দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার ও গভীর করার অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত করবে। সূত্র: ডন