যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি সামরিক বিস্ফোরক কারখানায় বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে বহু মানুষ নিহত ও নিখোঁজ হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। বিস্ফোরণের ফলে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে। একাধিক ছোট বিস্ফোরণও ঘটে।
সিএনএনের খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে বিস্ফোরণটি ঘটে। হাম্প্রিজ কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেন, এটি ছিল একটি ‘ধ্বংসাত্মক বিস্ফোরণ’। তবে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থল নিরাপদ করতে সক্ষম হন। ডেভিস বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে, কয়েকজন মারা গেছেন। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।’
হাম্পফ্রিজ কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ন্যাশভিল শহর থেকে প্রায় ৫৬ মাইল দক্ষিণ-পশ্চিমে টেনেসির হাম্প্রিজ কাউন্টির প্রত্যন্ত এলাকায় ‘অ্যাকিউরেট অ্যানার্জেটিক সিস্টেমস’কারখানায় এই বিস্ফোরণ ঘটে। এখানে সামরিক ব্যবহারের জন্য বিস্ফোরক তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে বলা হয়েছে, তারা মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও শিল্প খাতের জন্য বিভিন্ন উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক এবং বিশেষায়িত পণ্য তৈরি করে।
বিস্ফোণের পর বিভিন্ন সংস্থা ঘটনাস্থলে ছুটে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে সম্ভাব্য দ্বিতীয় বিস্ফোরণের ঝুঁকির কারণে তারা সরাসরি এলাকায় প্রবেশ থেকে বিরত রয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, তারা বিস্ফোরণের ধাক্কা অনুভব করেছেন। সূত্র: সিএনএন