ভারতের নয়াদিল্লিতে বিধানসভা চত্বরের সীমানার একটি গেট ভেঙে গাড়ি নিয়ে ঢুকে পড়েন এক মুখোশধারী ব্যক্তি।
সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে উত্তর প্রদেশের রেজিস্ট্রেশন নম্বরযুক্ত গাড়িটি ২ নম্বর গেট ভেঙে বিধানসভা চত্বরে প্রবেশ করে।
তবে নিরাপত্তা লঙ্ঘন করে ঢুকে পড়া এই ব্যাক্তি আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
তবে, কয়েক ঘণ্টার ব্যাপক তল্লাশি চালিয়ে মুখোশধারী ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় গাড়িটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যাক্তির নাম সরবজিৎ সিং। গাড়িটি উত্তর দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকা রূপনগর থেকে জব্দ করা হয়েছে।
সম্প্রতি শেষ হওয়া বাজেট অধিবেশন চলাকালে বিধানসভায় বোমা হামলার হুমকি পাওয়ার পরপরই এই ঘটনাটি ঘটলো।
দিল্লি সচিবালয়ের এক কর্মকর্তা জানান, ‘গাড়ির চালক বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তের কার্যালয়ের দিকে যান এবং ফিরে আসার আগে বারান্দার কাছে একটি ফুলের তোড়া রাখেন।’
তিনি আরও জানান, মুখোশধারী এই চালক স্পিকারের গাড়িতে কালিও ছুঁড়ে মারেন।
এনডিটিভি জানায়, ঘটনার পর বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে রয়েছে।
কর্মকর্তারা জানান, ফুলের তোড়ায় কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি
অমিয়/