যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের (ইউএসএফ) এই দুই পিএইচডি’র শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- ২৬ বছর বয়সী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। তারা দুজনেই বন্ধু এবং পুলিশ ধারণা করছে তারা এক সঙ্গেই আছেন।
তদন্তকারীরা জানান, গত ১৬ এপ্রিল সকালে ফ্লোরিডার টাম্পা থেকে এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। জামিল লিমনকে সর্বশেষ দেখা গিয়েছিল ওইদিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পাশের অ্যাভালন হাইটস বুলেভার্ডে তার অ্যাপার্টমেন্টে। এর ঠিক এক ঘণ্টা পর সকাল ১০টায় নাহিদা সুলতানা বৃষ্টিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিল্ডিংয়ে শেষবার দেখা যায়।
নিখোঁজ হওয়ার পরের দিন ১৭ এপ্রিল বিকেল ৫টার দিকে তাদের এক পারিবারিক বন্ধু বিষয়টি পুলিশকে জানান। দীর্ঘ সময় ফোনে চেষ্টা করেও তাদের না পেয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। এরপরই বিশ্ববিদ্যালয় পুলিশ এবং হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস পৃথক দুটি নিখোঁজ ডায়েরি করে অনুসন্ধান শুরু করে। তাদের নাম ইতোমধ্যে ওই অঙ্গরাজ্য ও জাতীয় পর্যায়ের নিখোঁজ ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ওই বিশ্ববিদ্যালয়ের পাবলিক সেফটির তথ্য কর্মকর্তা ল্যারি ম্যাককিনন সংবাদমাধ্যম ফক্স ১৩-কে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সবাই এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। তারা দুজনেই অত্যন্ত মেধাবী গ্র্যাজুয়েট শিক্ষার্থী এবং এমন আচরণ তাদের স্বভাবের সঙ্গে একেবারেই যায় না। এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাইনি, তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’
পুলিশ জানায়, নিখোঁজ হওয়ার পর থেকেই দুজনের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাদের সোশ্যাল মিডিয়া বা ব্যাংক ট্রানজেকশনের কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। লিমনের পরিবার শুরুতে সন্দেহ পোষণ করেছিলেন তারা অভিবাসন কর্তৃপক্ষের (আইসিই) হেফাজতে আছে। তবে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে, তারা আইসিই হেফাজতে নেই। সব ধরনের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর পুলিশ এখন সাধারণ জনগণের কাছে তথ্যের জন্য আবেদন জানিয়েছে।
আরও পড়ুন >> চার দিনেও খোঁজ মেলেনি যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর
বাংলাদেশে থাকা লিমনের পরিবার চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ জানান, তার ভাই অত্যন্ত দায়িত্বশীল এবং সময়নিষ্ঠ মানুষ।
তিনি বলেন, ‘পরিস্থিতি আমাদের কাছে খুবই অস্বাভাবিক এবং সন্দেহজনক মনে হচ্ছে। নিখোঁজের আগে গত ১৩ এপ্রিল লিমনের সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি তখন ফ্লোরিডার জলাভূমি নিয়ে জেনারেটিভ এআই ব্যবহারের গবেষণা ও থিসিস নিয়ে ব্যস্ত ছিলেন।’
জুবায়ের আরও জানান, লিমন এবং বৃষ্টি ভবিষ্যতে একসঙ্গে থাকার পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন। তবে বিষয়টি নিয়ে তারা খুব বেশি গুরুত্ব দিয়ে কিছু জানাননি। লিমন গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ জানায়, লিমন ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ে পিএইচডি করছেন এবং বৃষ্টি পড়াশোনা করছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। পড়াশোনায় অত্যন্ত নিবেদিত এই দুই শিক্ষার্থীর হঠাৎ নিখোঁজ হওয়াকে ‘রহস্যজনক’ বলে মনে করা হচ্ছে। পুলিশ এই বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে দ্রুত (৮১৩) ৯৭৪-২৬২৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।
ল্যারি ম্যাককিনন বলেন, ‘আমরা একটি ইতিবাচক সংবাদের প্রত্যাশা করছি এবং তাদের খুঁজে বের করতে কোনো চেষ্টাই বাকি রাখা হবে না’। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট, টাইমস অব ইন্ডিয়া