আলোচিত নানা ঘটনার মধ্য দিয়ে বিদায় নিচ্ছে ২০২৪। আজ সন্ধ্যায় বিদায়ী বছরের শেষ সূর্য অস্তমিত হবে। এর মধ্য দিয়েই আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি-বঞ্চনার হিসাব-নিকাশ পেছনে ফেলে বুধবার (১ জানুয়ারি) পূর্ব গগনে উদিত হবে নতুন বছরের সূর্য। নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতির পাশাপাশি আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছেন সবাই। তবে ফেলে আসা বছরে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে চলছে চর্চা, স্মৃতিচারণ। এতে উঠে এসেছে বছরজুড়ে আলোড়ন জাগানো রাজশাহীর বেশ কিছু ঘটনা।
বিশেষ করে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত ৪০তম বিসিএসের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও উপ-পরিদর্শকদের (এসআই) শোকজ-অব্যাহতি বারবার আলোড়ন সৃষ্টি করেছে। এ ছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে (৩২) পিটিয়ে হত্যার ঘটনাও সাড়া দেশে আলোচিত হয়। এ ছাড়া দাবি আদায়ে বিক্ষোভ-সমাবেশসহ নানা ঘটনায় বছরজুড়ে আলোচনার কেন্দ্রে অবস্থান করে রাজশাহী।
প্রশিক্ষণরত এসআই-এএসপিদের শোকজ-অব্যাহতি
রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের মোট ৮২৩ জন এসআই ছিলেন। তারা ২০২৩ সালের ৪ নভেম্বর থেকে সারদায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে তিন ধাপে ৩১৩ জন এসআইকে শোকজ করে একাডেমি। ইতোমধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন এবং সর্বশেষ ১৮ নভেম্বর তিনজনকে অব্যাহতি দেওয়া হয়। নির্দেশনা না মেনে মাঠে ‘উচ্চস্বরে হইচই’ করার অভিযোগে চতুর্থ ধাপে গত রবিবার সন্ধ্যায় পুলিশের ৮ ক্যাডেট এসআইকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের শোকজের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদেরও অব্যাহতি দেওয়া হবে বলে জানানো হয়।
এদিকে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএসের ২৫ জন এএসপিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। গত ১৫ ডিসেম্বর একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাদের ব্যাখ্যা তলব করা হয়। এসব ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় রাজশাহী।
সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ হত্যাকাণ্ড
এক দশক আগে দুর্বৃত্তের হামলায় পা হারানো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে গত ৭ সেপ্টেম্বর রাতে পিটিয়ে হত্যা করা হয়। বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুর বাজারে নবজাতক মেয়ের জন্য দুধ ও স্ত্রীর জন্য ওষুধ কিনতে গেলে তাকে গণপিটুনি দিয়ে থানায় পাঠানো হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আব্দুল্লাহ আল মাসুদ রাবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। এ ছাড়া, তিনি রাবির মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়, বাবার নাম রফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়- সংলগ্ন নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় তিনি পরিবার নিয়ে বসবাস করতেন।
মৃত্যুর চার দিন আগে কন্যাসন্তানের বাবা হন মাসুদ।
গণপিটুনিতে আহত হয়ে থানার মেঝেতে শুয়ে পানির জন্য মাসুদের আহাজারির ভিডিও ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনা
হয়। এ ছাড়া, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মায়ের কোলে বসে বাবা মাসুদের লাশ নিতে আসা নবজাতকের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।
রাসেলস ভাইপারের উপদ্রব
বাসা-বাড়িতেও বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা মেলায় রাজশাহীজুড়ে আতঙ্ক ছড়ায়। বিদায়ী বছরের ১২ জুন পর্যন্ত মাত্র সাড়ে ছয় মাসে রাসেলস ভাইপারের দংশনে মারা যান ৯ জন। এ সময় দংশনের শিকার হয়ে রামেক হাসপাতালে ভর্তি হন ৫৯ জন। এ ছাড়া, পদ্মার তীরবর্তী রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬টি বিষধর রাসেলস ভাইপার সাপের বাচ্চা উদ্ধার করা হয়। পুলিশ একাডেমির ভেতরে ছোট-বড় এই সাপগুলো একে একে বেরিয়ে এলে কয়েকটিকে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলে। পরে খেত-খামারে কাজে গিয়ে কামড় খেয়ে রাসেলস ভাইপার ধরে নিয়ে হাসপাতালে আসার বেশ কয়েকটি ঘটনাও ঘটে।
পদ্মায় ডুবে মৃত্যু
বছরজুড়ে পদ্মায় কয়েকটি নৌকাডুবি ও গোসলে নেমে প্রাণহানির ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী ছিল রাজশাহী। গত ২২ এপ্রিল রাজশাহীর পবা উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে গোসলে নেমে একসঙ্গে তিন কিশোরের মৃত্যু হয়। এ ছাড়া, ওই মাসেই আরও প্রায় ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে।
গুঁড়িয়ে দেওয়া হয় ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি
বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। রাজশাহী নগরীর মিয়াপাড়ায় এ বাড়িতে শৈশব, কৈশোর ও তারুণ্যের একটি সময় কাটিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের পুরোধা ব্যক্তিত্ব ঋত্বিক ঘটক। বাড়িটি সংরক্ষণের উদ্যোগের মধ্যেই ৬ ও ৭ আগস্ট ভেঙে ফেলা হয়। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান দেশের সাংস্কৃতিক কর্মীরা। এ ছাড়া রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে প্রতিনিয়ত আলোচনায় উঠে এসেছে রাজশাহীর নাম।