চোটের কারণে ভারতের হয়ে খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফি। সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মাঠে নেমেছিলেন ভারতের হয়ে। মোটামুটি সেরে উঠলেও এখনও মাঠে নামেননি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।
আইপিএল শুরু হওয়ার পর মুম্বাইয়ের ভক্তদের একটাই প্রশ্ন, কবে মাঠে ফিরবেন বুমরাহ? ভারতের একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী – পুনর্বাসনের শেষদিকে থাকা বুমরাহ মাঠে ফিরতে পারবেন তবে অপেক্ষা বাড়ছে।
পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে আরও দুটি কিংবা তিনটি আইপিএল ম্যাচ খেলে ফেলতে পারে মুম্বাই। এমন খবর মন খারাপ হতে পারে মুম্বাইয়ের সমর্থকদের।
বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে পিঠের চোটে মাঠ ছাড়েন ভারতের এই পেসার। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে রোহিত শর্মারা।
পুরোপুরি ফিট না হলে তাকে মাঠে নামানোর ঝুঁকি নিতে চাইবে না ভারতের ক্রিকেট বোর্ড এবং মুম্বাই ইন্ডিয়ান্সও। যদিও গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামার আগে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া শুনিয়েছিলেন আশার কথা, ‘খুব দ্রুত ফিরবেন বুমরাহ।’
ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছেন বুমরাহ। বোলিং করতে পারছেন। চোটও প্রায় সেরে উঠেছে। তবে রিহ্যাবের শেষ ধাপে থাকায় আগামী আরও কয়েকটা ম্যাচে তাকে পাবে না মুম্বাই।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে আইপিএল খেলছেন বুমরাহ। শুরু থেকেই খেলছেন মুম্বাইয়ের হয়ে। ১৩৩ ম্যাচ খেলে নিয়েছেন ১৬৫ উইকেট।