প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে দারুণ খেলছিলেন। সুযোগ দিচ্ছিলেন না শ্রীলঙ্কান বোলারদের। তবে চতুর্থ দিনের মতো সুযোগ দিলেন ফিল্ডারদের। আর তাতেই ৪৯ রানে রানআউট হয়ে ফিফটি বঞ্চিত হলেন মুশফিকুর রহিম।
মুশফিকের আউটের পরই গলে দ্বিতীয় দিনের মতো নেমেছে বৃষ্টি। ফলে এখন বন্ধ রয়েছে খেলা। মাঠ ঢেকে ফেলা হয়েছে কাভার দিয়ে। রানআউট হয়ে সাজঘরে ফেরার পথেই বৃষ্টি নামলে মুশফিকও দৌঁড়ে ঢুকেছেন সাজঘরে।
চতুর্থ দিনে মাঠে নামার পরপরই রানআউট থেকে বেঁচেছিলেন মুশফিক। কিন্তু আজ আর বাঁচতে পারেননি। মিড অনে বল ঠেলে দিয়ে প্রান্ত বদল করে অর্ধশতক আদায়ে আপ্রাণ চেষ্টা চালান তিনি। কিন্তু থারিন্দু রথনায়েকের ডিরেক্ট থ্রোতে কপাল পুড়েছে এই অভিজ্ঞ ব্যাটারের।
তার বিদায়ে ভেঙেছে শান্তুর সঙ্গে গড়ে ওঠা ১০৯ রানের জুটি। বাংলাদেশের বোর্ডে রান জমা হয়েছে ৪ উইকেয় হারিয়ে ২৩৭ আর লিড ২৪৭। দুই ইনিংসেই সেঞ্চুরি করার সুবাস পাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অপরাজিত আছেন ৮৯ রানে।
বৃষ্টি থামার পর খেলা মাঠে ফিরলে শান্ত নিশ্চিতভাবেই চেষ্টা চালাবেন শতক আদায়ের। তবে কত রান লিড নিয়ে থামবে বাংলাদেশ, তা অনিশ্চিত।