চমক রেখে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। সবার আগে পাকিস্তানই দল ঘোষণা করেছে। ১৭ সদস্যের ঘোষিত দলে চমক বলতে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। চোটমুক্ত হয়ে দলে ফিরেছেন ফখর জামান। দলকে নেতৃত্ব দেবেন সালমান আগা।
বাবর ও রিজওয়ান পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই অনেক দিন থেকে। ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন। এরপর চারটি সিরিজে তারা দলে ছিলেন না। এশিয়া কাপে তাদের দলে আশা করেছিলেন অনেকেই। কিন্তু এবারও দুই অভিজ্ঞ ক্রিকেটারের কপাল পুড়ল।
ফখর জামান চোট পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথে। চোট পেয়ে তিনি দল থেকে ছিটকে পড়েছিলেন। চোটমুক্ত হওয়ার পর তিনি আবার দলে জায়গা করে নিয়েছেন। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে দলে ফেরা শাহিন শাহ আফ্রিদি নিজের জায়গা ধরে রাখতে পেরেছেন।
১৭ সদস্যের দল নিয়েই পাকিস্তান এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আসরের অপর দুই দল হলো আফগানিস্তান ও স্বাগিতকরা। ২৯ আগস্ট শারজাহতে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। শেষ হবে ৭ সেপ্টেম্বর। এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। পাকিস্তান খেলবে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানের প্রথম খেলা ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। এরপর ১৩ তারিখ ভারত ও ১৭ তারিখ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপের বাকি দুই ম্যাচ।
পাকিস্তান দল:
সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।