ধবলধোলাই এড়ানোর মিশনে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে ১৫১ রানে অল আউট হয়েছে লিটন বাহিনী।
সেঞ্চুরির আভাস দিয়েও পারেননি ওপেনার তানজিদ তামিম। বিদায় নেন ৮৯ রানে। হ্যাটট্রিক করে নজর কেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার রোমারিও শেফার্ড।
বাংলাদেশের ইনিংসে আলো ছড়িয়েছেন শুধু তানজিদ তামিমই। খেলেন ক্যারিয়ার সেরা ইনিংস। ৬২ বলে ৮৯ রানের ইনিংসে তিনি হাঁকান নয়টি চার ও চারটি ছক্কা। এই ইনিংসের সুবাদে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ১০০০ রানে পৌঁছেছেন তানজিদ হাসান। চার অঙ্কে পৌঁছাতে তার লাগল ৪২ ইনিংস। আগের দ্রুততম ছিল তাওহিদ হৃদয়ের (৪৫ ইনিংস)।
দলে ফেরা পারভেজ হোসেন ইমন সুবিধা করতে পারেননি। চতুর্থ ওভারে রোস্টন চেজের প্রথম বলেই শর্ট থার্ডম্যানে ক্যাচ দেন তিনি। সহজেই তা তালুবন্দি করেন গুডাকেশ মোটি। ১০ বলে ১ ছক্কায় ইমন করেন ৯ রান।
পাওয়ারপ্লেতে বাংলাদেশের রান খুব বেশি হয়নি, ১ উইকেটে ৪০ রান। এরপর অবশ্য হতাশ করেন অধিনায়ক লিটন দাস। খারি পিয়েরের বলে মিডউইকেট বাউন্ডারিতে ক্যাচ দেন তিনি (৯ বলে ৬ রান)। জায়গায় দাঁড়িয়ে সহজ ক্যাচ নেন মোটি।
নতুন ব্যাটার হিসেবে আসে সাইফ হাসান। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তিনি নেমেছিলেন ওপেনিংয়ে। আজ নামেন চার নম্বরে। অন্যদিকে ১১তম ওভারের চতুর্থ বলে শেফার্ডের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন তানজিদ তামিম। এটি তার দশম ফিফটি।
এরপরই দ্বিতীয়বারের মতো ক্যাচ দিয়ে বাঁচেন তানজিদ। এর আগে ১২ রানে থাকতে ক্যাচ দিয়ে বেঁচেছিলেন হোল্ডারের মিসে। ১৪.২ ওভারে বাংলাদেশ পূর্ণ করে ১০০ রান। আশা ছিল সাইফকে নিয়ে। তবে হোল্ডারের করা ইনিংসের ১৫তম ওভারের তৃতীয় বলে ছক্কা মারা সাইফ পরের বলেও একই চেষ্টা করতে গিয়ে ব্যর্থ। স্কয়ার লেগে অগাস্টের সহজ ক্যাচে পরিণত হয়েছেন।
দ্রুত রান তোলার যে পরিকল্পনা থেকে রিশাদকে আগে নামানো হয়। কিন্তু সে আশায় গুড়ে বালি। বাঁহাতি স্পিনার পিয়েরের বল তুলে মারতে গিয়ে মিস করেন (৩ বলে ৩ রান)। আম্পায়ার দেন এলবিডব্লুর সিগন্যাল।
শেষের দিকে বাংলাদেশের ব্যাটিং ছিল হ-য-ব-র-ল। টানা চার ওভারে শেষ বলে উইকেট হারায় স্বাগতিকরা। ১৬তম ওভারে রিশাদ, ১৭তম ওভারে নুরুল, ১৮তম ওভারে নাসুমের পর ১৯তম ওভারে জাকের। ২০তম ওভারের প্রথম বলে বিদায় নেন তানজিদ শেফার্ডের বলে। পরের বলে আউট শরিফুল। তাতে হ্যাটট্রিক হয়ে যায় শেফার্ডের। এর আগে নিজের আগের ওভারের শেষ বলে নুরুলকে আউট করেছিলেন তিনি।
বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ ও সাইফ ছাড়া কেউ ছুতে পারেনি দুই অঙ্কের রান। দলে ফেরা মাহেদী হাসান কোন বলই মোকাবেলা করার সুযোগ পাননি। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন রোমারিও শেফার্ড। জেসন হোল্ডার ও খারি পিয়েরে নেন দুটি করে উইকেট।
চঞ্চল/এসএস