চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। হাঁটুর চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশে আর খেলতে পারবেন না তিনি। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে প্রথম ইনিংসের সপ্তম ওভারে ডাইভিং ক্যাচ নিতে গিয়ে চোট পান স্টার্লিং। অজি ওপেনার জশ ইংলিসকে আউট করতে গিয়ে শক্ত মাটিতে হাঁটুর ওপর ভর করে পড়েন তিনি। এরপর মাঠ ছাড়েন এবং অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেন সহ-অধিনায়ক লরকান টাকারের হাতে।
চোট নিয়েই রান তাড়ায় ব্যাট করতে নামেন স্টার্লিং। টিম ম্যানেজমেন্টকে জানান যে তিনি ব্যাট করতে পারবেন। তবে প্রথম বলেই সিঙ্গেল নিতে গিয়ে কয়েক কদম দৌড়ানোর পর তার হাঁটু বেঁকে যায়। বাধ্য হয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন আইরিশ অধিনায়ক।
স্টার্লিংয়ের বদলি হিসেবে ২০ বছর বয়সী অনভিষিক্ত উইকেটকিপার-ব্যাটার স্যাম টপিংকে দলে নিয়েছে আয়ারল্যান্ড। বর্তমানে চেন্নাইয়ে নর্দার্ন নাইটস দলের অফ-সিজন ক্যাম্পে আছেন টপিং। গত মৌসুমে ঘরোয়া টি-টোয়েন্টিতে ৩১ গড়ে ২১৭ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১৪০। এছাড়া বেন ক্যালিটজের হাতেও চোট থাকায় টপিংয়ের অন্তর্ভুক্তি দলকে বাড়তি বিকল্প দেবে।
ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স পরিচালক গ্রায়েম ওয়েস্ট বলেন, অস্ট্রেলিয়া ম্যাচের পর স্টার্লিংয়ের স্ক্যান রিপোর্টে লিগামেন্ট ক্ষতির প্রমাণ মিলেছে। ফলে তাকে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হচ্ছে। দ্রুতই তিনি দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন, আসন্ন হোম সামারের প্রস্তুতির জন্য।
ওয়েস্ট আরও জানান, চেন্নাইয়ে অবস্থান করায় টপিং দ্রুত দলের সঙ্গে যোগ দিতে পারবেন। শ্রীলঙ্কার মতো কন্ডিশনে অনুশীলন করায় তার অভিজ্ঞতা দলকে সহায়তা করবে।
অনিক/