যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, পাঁচ সদস্যের তদন্ত কমিটি গতকাল (৫ এপ্রিল) তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আমিনুল তদন্ত কমিটির চিঠি পাওয়ার পর একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহ্বান করেন, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কিছু নির্দেশনা সুপারিশ করা হয়েছে। বৈঠক শেষে আমিনুল বলেন, ‘দেখুন, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং সঙ্গে সঙ্গেই আমি একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকি, যেখানে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে তদন্ত প্রতিবেদনটি জানাবার পরই পরবর্তী সিদ্ধান্ত নেব।’ তবে তিনি উল্লেখ করেননি যে প্রতিবেদনটি কবে প্রকাশ করা হবে এবং ইঙ্গিত দিয়েছেন যে পরবর্তী পদক্ষেপ যথাযথ প্রক্রিয়া ও আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করেই নির্ধারিত হবে।
আমিনুল আরও যোগ করেন যে, বিসিবি নির্বাচন নিয়ে তদন্তকারী কমিটির সঙ্গে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহযোগিতা করেননি এবং কর্তৃপক্ষ ইতোমধ্যেই তার অনুপস্থিতির বিষয়টি নোট করেছে।
আমিনুল বলেন, ‘তদন্ত প্রতিবেদন ইতোমধ্যেই জমা দেওয়া হয়েছে। যেহেতু তিনি অংশ নেননি, সেটি অবশ্যই প্রতিবেদনে উল্লেখ রয়েছে। আমরা দেখেছি যে তিনি অনুপস্থিত ছিলেন, আমি নিজেও তা দেখেছি।’
অনিক/