শুধু ভিডিও প্ল্যাটফর্ম থেকে ধীরে ধীরে পূর্ণাঙ্গ মেসেজিং অ্যাপে রূপ নিচ্ছে টিকটক। এবার সরাসরি মেসেজ বা গ্রুপ চ্যাটে ভয়েস নোট, ছবি এবং ভিডিও পাঠানোর ফিচার চালু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। টিকটকের একজন মুখপাত্র জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ ফিচার চালু হবে।
নতুন আপডেটে ব্যবহারকারীরা সর্বোচ্চ এক মিনিটের ভয়েস নোট পাঠাতে পারবেন। এ ছাড়া ফোনের ক্যামেরা বা লাইব্রেরি থেকে একবারে ৯টি পর্যন্ত ছবি বা ভিডিও পাঠানো যাবে।
নতুন এই চ্যাট ফিচারের সঙ্গে বেশকিছু নিরাপত্তাব্যবস্থাও যুক্ত করা হয়েছে। কোনো ব্যবহারকারীকে প্রথমবার মেসেজ পাঠানোর সময় ছবি বা ভিডিও পাঠানো যাবে না। বর্তমানে টিকটকে শুধু ১৬ বছর বা তার বেশি বয়সী নিবন্ধিত ব্যবহারকারীরা মেসেজিং ফিচার ব্যবহার করতে পারেন। এ ছাড়া ১৬ থেকে ১৮ বছর বয়সী ব্যবহারকারীদের জন্য নগ্ন ছবি শনাক্ত ও স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার ফিল্টার রয়েছে। এ ব্যবস্থা তাদের জন্য ডিফল্টভাবে সক্রিয় থাকবে।
মেসেঞ্জার বা স্ন্যাপচ্যাটের মতো অন্যান্য অ্যাপে আগে থেকে এ ধরনের সুবিধা রয়েছে। তবে টিকটক ধীরে ধীরে প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের প্ল্যাটফর্মে এসব ফিচার যুক্ত করছে। গত বছর ৩২ জন পর্যন্ত সদস্য নিয়ে গ্রুপ চ্যাট এবং সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের কমিউনিটি নোটসের মতো ‘ফুটনোটস’ ফিচারও চালু করেছে প্রতিষ্ঠানটি।