মানুষ হিসেবে সবচেয়ে বড় শক্তিগুলোর মধ্যে আমাদের অনুভূতিগুলো অন্যতম শক্তি। ভেতরে চাপা পড়ে থাকা রাগ, কষ্ট, ভয়, ভালোবাসা- আমাদের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে। এই অনুভূতি কখনো মানুষকে নিয়ে যায় উন্নতির দিকে, কখনো তাড়িত করে অবনতি ও ধ্বংসের পথে। মানুষের জীবনের এই অনুভূতিগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারলে অনেকাংশেই তা ইতিবাচকতা বয়ে আনে।
অনুভূতি চেপে রাখলে কী হয়?
যখন আমরা আমাদের কষ্ট ও রাগ প্রকাশ করতে পারি না, তখন সেই আবেগগুলো সহজ থেকে কঠিন হতে থাকে। ধীরে ধীরে মানসিক চাপ, দুশ্চিন্তা বা হতাশায় পরিণত হয়। অনেক সময় ছোট একটা ভুল বড় হয়ে যায়। কারণ আমরা তা প্রকাশ করতে পারি না। যা আমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে।
অনুভূতি প্রকাশ কিভাবে করতে পারি
মানুষের জীবনের স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে অনুভূতির প্রকাশ করা অন্যতম স্বাভাবিক দিক। আমরা স্বাভাবিকভাবেই ভয় পাই, স্বাভাবিকভাবেই ভালোবাসি, আবার স্বাভাবিকভাবেই ঘৃণা করি।
বিপত্তি তখনই ঘটে যখন আমরা আমাদের এই স্বাভাবিক অনুভূতির প্রকাশগুলোকে নিজেদের মধ্যে চেপে রাখতে চাই। যখন কেউ নিজের কষ্ট প্রকাশ করতে পারে না, তখন সেই আবেগ তাকে কষ্ট দিতে থাকে। ফলে অনুভূতি প্রকাশ করা জরুরি হয়ে পড়ে।
আর অনুভূতি প্রকাশ করার জন্যও একটা দক্ষতা প্রয়োজন। অনুভূতি প্রকাশ মানে শুধু কান্না বা চিৎকার করে অনুভূতি ব্যক্ত করা নয়। অনুভূতি প্রকাশ মানে নিজের ভেতরের ভাবনাগুলোকে সৎভাবে, সম্মান রেখে প্রকাশ করা। অন্যদেরকে নিজের অনুভূতিকে বোঝানোর চেষ্টা করানো। সাধারণ বাক্য ব্যবহারের মাধ্যমে সম্পর্ককে আরও সত্যিকারের করে তোলা। যখন আমরা নিজেদের প্রকাশ করতে পারি তখন অন্যরা আমাদের বুঝতে পারে, আমাদের পাশে দাঁড়াতে পারে।
অনুভূতি প্রকাশ আমাদের জন্য কেন কল্যাণকর হতে পারে
মানুষের জীবনে অনুভূতি প্রকাশ আত্মবিশ্বাসী করে তুলতে পারে। আমরা যখন নিজের কথা বলতে শিখব তখন আমরা বুঝতে পারব আমাদের মতামত, অনুভূতির মূল্য আছে। সেটা বন্ধু, পরিবার, শিক্ষক সবার সঙ্গে সম্পর্ককে আরও আন্তরিক করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা চুপচাপ থাকে তারা নিজেদের দুর্বল মনে করে, ভেতরে ভেতরে নিজেকে কষ্ট দেয়। কিন্তু সাহস নিয়ে কথা বললে সেই দুর্বলতা দূর হয়, নিজের ভেতরটা হালকা লাগে।
বর্তমান কিশোরদের কেন অনুভূতি প্রকাশ করা জরুরি
ইন্টারনেট বা প্রযুক্তির সহায়তায় গ্লোবাল ভিলেজে পরিবর্তন হওয়া মানবজীবনে নেটওয়ার্ক দ্বারা কাছাকাছি থাকলেও অনেক কিছু তারা গোপন রাখে। নিজেদের অনুভূতিকে তারা প্রকাশ করতে চায় না। আজকের কিশোরদের অনুভূতিগুলো তাদের নিজেদের মধ্যে চাপা পড়ে থাকে। ফলে তা বেশিরভাগ সময় মারাত্মক ক্ষতির সম্মুখীন করায়। কারও কারও অনুভূতির ভার এত বেশি হয় যে তারা আত্মহননের পথ বেছে নেয়। সোশ্যাল মিডিয়া, পড়াশোনার চাপ, ভবিষ্যতের দুশ্চিন্তা- সব মিলিয়ে আমাদের মনের ভেতরটায় অনেক কিছু জমে যায়। এই অনুভূতিগুলো কথা দিয়ে, শিল্পের মাধ্যমে বা লেখার মাধ্যমে প্রকাশ করলে সেটা মানসিক মুক্তি দেয়। এটিকে এক ধরনের ইমোশনাল ডিটক্স বলে, যা মনকে পরিষ্কার ও শক্ত করে।
তবে এই জায়গায় মনে রাখতে হবে, অনুভূতি প্রকাশ করা মানে মনের সব কথা সব জায়গায় প্রকাশ করা নয়। এটা বেছে নিতে হবে কাকে, কীভাবে, কোথায় বলব। সঠিক সময় ও ভাষা ব্যবহার করলে কথার প্রভাব হয় ইতিবাচক। অন্যথায় সেটা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে।