ঢাকা নগরবাসীর ভোগান্তির শেষ নেই। এখানে রয়েছে সুন্দর সুন্দর রাস্তা। কিন্তু সেই রাস্তাগুলোকে নোংরা করে রেখেছে দখলদাররা। একবার রাস্তার পাশের সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হলেও কিছুদিন যেতে না যেতেই আবার গড়ে ওঠে অবৈধ স্থাপনা। রাস্তা সম্প্রসারণের পর পুনরায় ফুটপাতজুড়ে অবৈধ স্থাপনা গজিয়ে উঠলেও কোথাও নতুন করে যাত্রী প্রতীক্ষালয় তৈরি হতে দেখা যায় না কখনো। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এই তীব্র গরমে ছাতা মাথায় দিয়েই যাত্রীরা অপেক্ষা করেন বাসের জন্য। কোনো কোনো দোকানের ছাউনিই হয়ে উঠেছে অস্থায়ী বাসস্টপ। ঢাকার প্রতিটি বাসস্টপের অবস্থা ঠিক এমনই। আসছে বর্ষাকাল, যা এ অবস্থাকে আরও শোচনীয় করে তুলবে। তার ওপর কোনো শৌচাগার নেই।
যাত্রীদের, বিশেষত মহিলা ও বৃদ্ধদের খুবই সমস্যায় পড়তে হচ্ছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রশাসনের কাছে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপের আর্জি জানাচ্ছি।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা।