বর্তমানে দেশের একটি অন্যতম প্রধান সমস্যা বলা চলে প্লাস্টিকবর্জ্যের আধিক্য। প্লাস্টিক একটি অপচনশীল পদার্থ যা মাটির সঙ্গে পুরোপুরি মিশে যেতে প্রায় ৪০০ বছর সময় নেয়। তাই এ প্লাস্টিককে পুড়িয়ে দিলেও কোনো লাভ হয় না। এটি প্রকৃতিতে থেকেই যায়। আর এ প্লাস্টিকের আধিক্যের কারণে বর্তমানে শহরগুলোতে জলাবদ্ধতা, স্বাস্থ্যঝুঁকিসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। যেখানে-সেখানে প্লাস্টিকের তৈরি বোতল, পলিব্যাগ, খাবারের কৌটা ইত্যাদি ফেলার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। সব থেকে বড় সমস্যা হচ্ছে এ প্লাস্টিক পচনশীল নয়, ফলে এটি মাটিতে থেকে যাচ্ছে এবং তার ক্ষতিকারক দিকগুলো প্রকাশ পাচ্ছে। মানুষের মাঝে সচেতনতা বাড়িয়ে কিংবা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক ফেলার নির্দেশনা দিয়েও কোনো সুরাহা পাওয়া যায়নি। তাই প্লাস্টিকের বিকল্প কাগজের ব্যাগ উৎপাদন করে প্লাস্টিক উৎপাদন বন্ধ করা এখন সময়ের দাবি। তা না হলে অদূর ভবিষ্যতে আমাদের মানবসভ্যতা ধ্বংস হওয়ার জন্য এ প্লাস্টিকই যথেষ্ট। এমতাবস্থায়, প্লাস্টিক উৎপাদন বন্ধ করে এর বিকল্প ব্যবস্থা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আরাফাত হোসেন
শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়
[email protected]