বিরাট কোহলি এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার আবার তর্কসাপেক্ষে সেরাদের সেরা। নিজ দলের সতীর্থ ও প্রতিপক্ষ দলের সদস্যদেরও ব্যাট উপহার দেন তিনি। চেন্নাই টেস্টের আগে তরুণ পেসার আকাশ দীপকে নিজের একটি ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। তবে এই ব্যাট দিয়ে ব্যাটিং না করে স্মারক হিসেবে রেখে দিতে চান তরুণ এই পেসার।
টেস্টের আগে হোটেল রুমে কোহলি আকাশকে উপহার দেন এই ব্যাট। নিজের রুমের দরজা খুলেই ভারতীয় ব্যাটারের কাছ থেকে আকাশ শুনতে পান, ‘তোর কি ব্যাট দরকার?’
কোহলির কাছ থেকে পাওয়া উপহার যেকোনো দেশের তরুণ ক্রিকেটারের জন্যেই অনেক আনন্দের এবং প্রাপ্তির। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে ব্যাট উপহার পাওয়ার ঘটনার বর্ণনা দিয়েছেন, ‘বিরাট ভাইয়া নিজ এসে আমাকে ব্যাট দিয়েছেন। উনি হয়তো আমার ব্যাটিং লক্ষ্যে করেছেন। এটির জন্য আমি তাকে জিজ্ঞেস করিনি।’
আকাশ বলেন, ‘আমার কাছে এসে উনি জিজ্ঞেস করেন, তোর কি ব্যাট দরকার? বিরাট ভাইয়ের কাছ থেকে কে ব্যাট নিতে চাইবে না? তিনি একজন কিংবদন্তি। তার কথা শুনে খুবই খুশি হয়েছিলাম এবং ব্যাট নিতে চেয়েছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করেন আমি খেলেছি, এমন ব্যাটের মধ্যে তোর কোনটা দরকার। আমি শুধু হাসছিলাম।
আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তারপর উনি বলেন, এই ব্যাট তোর কাছে রাখ।’
কোহলির কাছ থেকে ব্যাট উপহার পেলেও সেই ব্যাট দিয়ে কখনো খেলবেন না বলেও জানিয়েছেন আকাশ। রেখে দিবেন স্মারক হিসেবে। ভারতের দলে সুযোগ পাওয়া এই নবাগত পেসার বলেছেন, ‘কখনো এই ব্যাট দিয়ে খেলব না।
বিরাট ভাইয়ের কাছ থেকে পাওয়া বড় উপহার। আমার রুমের দেয়ালে স্মারক হিসেবে রেখে দেব। এর জন্য ব্যাটে তার অটোগ্রাফও নিয়েছি।’










