এএফসি চ্যালেঞ্জ লিগ মিশনের আগে বড় ধাক্কা খেয়েছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা আসছে মৌসুমের জন্য একজন ব্রাজিলিয়ান কোচকে চূড়ান্ত করার কথা জানিয়েছিল। কিন্তু সার্জিও ফারিয়াস নামের সেই কোচ কিংসে যোগ না দিয়ে ইরাকের একটি ক্লাবে যোগ দিয়েছেন।
ইরাকের ডুহক স্পোর্টস গতকাল সার্জিও ফারিয়াসের সঙ্গে চুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে । অথচ বসুন্ধরা কিংসের পক্ষ থেকে জানানো হয়েছিল ভিন্ন কথা। কিংস সভাপতি ইমরুল হাসান দেড় সপ্তাহ আগে ফারিয়াসকে আগামী মৌসুমের জন্য নিশ্চিত করার বিষয়টি সংবাদমাধ্যমকে অবহিত করেন।
এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচ খেলতে এই মুহূর্তে কাতারে অবস্থান করছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ সময় আজ রাতেই তারা সিরিয়ার ক্লাব আল কারমাহর বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচ খেলতে গত রবিবার তারা কাতারে যায়। একাধিক সংবাদমাধ্যমের খবরে ওঠে আসে, ওই দিনই দুই সহকারী নিয়ে কিংসে যোগ দেবেন ফারিয়াস। কিন্তু সেটা হয়নি। বরং ফারিয়াস এদিন কিংসে যোগ না দিয়ে অন্য দেশের একটি ক্লাবে যোগ দিয়েছেন।
ফলে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে আজ কিংসকে প্রধান কোচ ছাড়াই খেলতে হবে। যদিও এখন পর্যন্ত কোচ ইস্যুতে কিংসের অফিশিয়াল কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তোফায়েল/নিলয়/










