ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এখন কেবল বিতর্ক। মাঠের খেলার চেয়ে এখন মাঠের বাইরের বিষয়াদি থাকে আলোচনায়। এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দুই লড়াইয়ে ম্যাচের চেয়েও বেশি আলোচনায় বিতর্কিত ঘটনাসমূহ।
‘এ’ গ্রুপের ম্যাচশেষে হাত না মেলানোর ঘটনার পর, সুপার ফোরে আলোচনায় ফখর জামানের আউট, শাহিবজাদা ফারহানের গান শট উদযাপন ও ভারতীয় দর্শকদের লক্ষ্য করে বাউন্ডারি লাইনে থাকা হারিস রউফের বিমান ভূপাতিত করার অঙ্গাভঙ্গি দিয়েছে আলোচনার জন্ম।
তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফখর জামানের আউট নিয়ে। ইনিংসের তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পেছনে সঞ্জু স্যামসনের গ্লাভসে ধরা পড়েন ফখর। তৃতীয় আম্পায়ার আউট দিলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি পাকিস্তানি ব্যাটার। স্যামসনের গ্লাভসে বল জমা হওয়ার আগেই সেটি মাটি স্পর্শ করেছেন এমন অভিযোগে শুরু হয় বিতর্ক। মাঠ ছাড়ার আগে প্যাডে ব্যাট দিয়ে আঘাত করে হতাশা ঝাড়েন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দুনিয়া নিউজ’ জানিয়েছে, আম্পায়ারের বিরুদ্ধে তদন্তের আবেদনও জানিয়েছে পিসিবি।
সাধারণত টিভি আম্পায়ার অকাট্য প্রমাণ না পেলে ‘বেনিফিট অব ডাউট’ দেন ব্যাটসম্যানকে। কিন্তু ফখরের ক্ষেত্রে কীভাবে এতটা নিশ্চিত হলেন রুচিরা—সেই প্রশ্ন এখন ঘুরছে ক্রিকেটপাড়ায়।
সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, ‘আম্পায়াররাও ভুল করতে পারেন। কিন্তু আমার মনে হয়েছিল, বলটা গ্লাভসে যাওয়ার আগে মাটিতে পড়েছিল। আমি ভুলও হতে পারি।’
পিসিবির অভিযোগের বিষয়ে টেলিকমএশিয়া.নেট জানিয়েছে, ‘পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমা প্রথমে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে যান। কিন্তু তাকে জানানো হয়, বিষয়টি রেফারির এখতিয়ার নয়। এরপর চিমা সরাসরি আইসিসিতে মেইল করে আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ জানান।’
ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখতে আজ (২৩ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। দুই দলের জন্যই ম্যাচটি টিকে থাকার লড়াই।
নিলয়/










