আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট; যা এতদিন ছিল কেবল কল্পনার মতো, সেটিকেই বাস্তবে রূপ দিলেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। ২৮ বছর বয়সী এই পেসার ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে এই বিরল কীর্তি গড়লেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বালিতে কম্বোডিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইতিহাস গড়েন প্রিয়ান্দানা। ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বলভিত্তিক পরিসংখ্যান সংরক্ষণ শুরুর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন নজির আর কারও নেই।
উদয়না ক্রিকেট মাঠে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ইন্দোনেশিয়া করে ৫ উইকেটে ১৬৭ রান। জবাবে ১৫ ওভার শেষে ৫ উইকেটে ১০৬ রান তুলে ম্যাচে টিকে ছিল কম্বোডিয়া। ১৬তম ওভারে নিজের প্রথম স্পেলে এসে সব হিসাব ওলটপালট করে দেন প্রিয়ান্দানা।
প্রথম তিন বলে শাহ আবরার হোসেন, নির্মলজিৎ সিং ও চ্যানথুন রথনককে ফিরিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। চতুর্থ বল ডটের পর পঞ্চম ও ষষ্ঠ বলে তুলে নেন মংদারা সক ও পেল ভেনাকের উইকেট। মাঝে একটি ওয়াইড থেকে আসে এক রান। ওই এক ওভারেই শেষ হয়ে যায় কম্বোডিয়ার ইনিংস। ৬০ রানের বড় জয় পায় ইন্দোনেশিয়া।
আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার নজির না থাকলেও, এবার সেই সীমারেখা ভেঙে দিলেন গেদে প্রিয়ান্দানা।
চঞ্চল/এসজি/










