বাংলাদেশ ফুটবলের সঙ্গে হাভিয়ের কাবরেরার পথচলা থেমেছে। দীর্ঘ চার বছর চার মাসের শেষ দিন ৩০ এপ্রিল। সমঝোতার মাধ্যমেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সম্পর্কের ইতি টেনেছেন এই স্প্যানিশ কোচের সঙ্গে। বিদায়কালে আবেগঘন এক দীর্ঘ বিদায়ী বার্তা দিয়েছেন কাবরেরা। সামাজিক মাধ্যমে লেখা পোস্টে লিখেছেন অনেক কথা।
২০২২ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়া এই স্প্যানিশ কোচ নিজেই মনে করিয়ে দিয়েছেন, এটাই ছিল বাফুফের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ কোচিং মেয়াদ। কিন্তু সময়ের দৈর্ঘ্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল তার রেখে যাওয়া ছাপ, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার যাত্রা শেষ হলো।’
‘চার বছর চার মাস- বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম কোচিং সময় পার করে আমি বিদায় নিচ্ছি অসংখ্য স্মৃতি আর অভিজ্ঞতা নিয়ে, যার প্রতিটি মুহূর্তই ছিল মূল্যবান। তার সময়টাকে কেবল ফলাফলের খাতায় বাঁধা যায় না। মাঠের ভেতরে যেমন পরিবর্তন এসেছে, তেমনি মাঠের বাইরেও বদলেছে দৃশ্যপট। আমরা অনেক দূর এগিয়েছি: মাঠে এবং মাঠের বাইরে। কয়েকশ দর্শকের সামনে খেলা থেকে আমরা পৌঁছেছি ঠাসা স্টেডিয়ামের অবিস্মরণীয় রাতে।’
দীর্ঘ পথচলায় এসেছে কিছু গুরুত্বপূর্ণ মাইলফলকও। সাফের আসরে ১৪ বছর পর সেমিফাইনালে ওঠা, ২২ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে অফিসিয়াল ম্যাচে হারানো। এগুলো শুধু পরিসংখ্যান নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প।
কাবরেরার ভাষায়, ‘আমরা একসঙ্গে একটি শক্তিশালী পরিচয় আর প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলেছি, যা আমাদেরকে মহাদেশের শক্তিশালী দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে লড়াই করতে সাহায্য করেছে।’ তবে তার সবচেয়ে বড় গর্ব ভবিষ্যৎ নিয়ে, ‘পরবর্তী প্রজন্মের জন্য আমরা যে পথ তৈরি করেছি, তা নিয়ে আমি বিশেষভাবে গর্বিত।’
অনিক/










