বর্ণাঢ্য আয়োজনে ও বিভিন্ন কর্মসূচিতে পাবনার ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, মোড়ক উন্মোচন, সাহিত্য পদক প্রদান, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সকালে পরিষদ চত্বরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পরিষদের সভাপতি অ্যাড. মুস্তাফিজুর রহমান খান কামাল।
এদিকে একইদিন সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান খান কামাল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজরুল গবেষক কবি মজিদ মাহমুদ, ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, বিএসআরআই-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কুয়াশা মাহমুদ, সরকারি সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক, ঈশ্বরদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সিনিয়র সাংবাদিক মাহবুবুল হক দুদু প্রমুখ।
এ সময় পরিষদের নির্বাহী সদস্য প্রফেসর আখতার হোসেন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জাহিদুল আলম সনু, মোস্তাক আহমেদ কিরন, ওহিদুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক এস আলমগীর, সহসাধারণ সম্পাদক সেলিম সরদার, সহ সম্পাদক আতাউর রহমান বাবলু, কোষাধ্যক্ষ নূরুল ইসলাম বাবলু, সাহিত্য সম্পাদক আলমগীরুল নিউটনসহ সুধীজনরা উপস্থিত ছিলেন ।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভবঘুরে মজিবুর রহমান সাহিত্য পদক দেয়া হয় কবি মজিদ মাহমুদকে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রোড়পত্রের মোড়ক উন্মোচনা ও কেক কাটা হয়। শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিষদের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
জাহাঙ্গীর হোসেন/এসএন