ঠাকুরগাঁওয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে সম্পন্ন হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের সব কর্মসূচি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
পহেলা বৈশাখের সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
র্যালি ও অন্যান্য আয়োজনে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় বর্ষবরণ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সফলভাবে সম্পন্ন হয়েছে।
দিনব্যাপী বৈশাখী মেলায় ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, খাবার ও নানা বিনোদনের আয়োজন, যা দর্শনার্থীদের আকৃষ্ট করে। পাশাপাশি জেলা কারাগার ও সরকারি শিশু পরিবারে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উন্নতমানের খাবার পরিবেশনের মাধ্যমে নববর্ষ উদযাপন করা হয়।
এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও নিজস্ব ব্যবস্থাপনায় বর্ষবরণ, আলোচনা সভা ও প্রতিযোগিতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সার্বিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে বাংলা নববর্ষের সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।
নবীন/রিফাত/