ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সার্জারি অ্যান্ড হসপিটালের (নিনস) পরিচালক হিসেবে অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান (খসরু) নিয়োগ পেয়েছেন।
রবিবার (১৭ মে) হাসপাতালটিতে পরিচালক হিসেবে যোগদান করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে ডা. নুরুজ্জামান খান খসরু শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং ইন্টার্ন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোষাধ্যক্ষ, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সদস্য সচিব এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক খসরু কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পাস করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৯৭ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। একই প্রতিষ্ঠান থেকে তিনি নিউরোসার্জারিতে এমএস ডিগ্রি লাভ করেন। তিনি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ভারতের বিভিন্ন হাসপাতালে ফেলোশিপ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
দেশে ‘এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি’ প্রবর্তনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। এ বিষয়ে তিনি আন্তর্জাতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন এবং দেশ-বিদেশে চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, অধ্যাপক ডা. নুরুজ্জামান খান খসরুর নেতৃত্বে দেশের একমাত্র বিশেষায়িত নিউরোসায়েন্স হাসপাতাল চিকিৎসা ও গবেষণায় নতুন উচ্চতায় পৌঁছাবে।
অন্তরা/


