হাঁপানি বা অ্যাজমা হলো শ্বাসনালির দীর্ঘমেয়াদি প্রদাহজনিত একটি রোগ। এতে শ্বাসনালি সংকুচিত হয়ে শ্বাস নেওয়া ও ছাড়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। ফলে রোগীর শ্বাসকষ্ট, কাশি, বুকে চাপ এবং শ্বাসের সময় বাঁশির মতো শব্দ দেখা দিতে পারে। এটি একটি দীর্ঘস্থায়ী রোগ, তবে নিয়ন্ত্রণযোগ্য।
রোগের প্রধান লক্ষণ
হাঁপানির সাধারণ লক্ষণগুলো হলো শ্বাস নিতে কষ্ট হওয়া, বুকে চাপ বা ভারী অনুভূতি, শ্বাস ছাড়ার সময় সাঁই সাঁই শব্দ হওয়া, দীর্ঘস্থায়ী কাশি, বিশেষ করে রাতে, ভোর বা রাতের দিকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এবং ব্যায়াম বা পরিশ্রমে দ্রুত ক্লান্তি।
হাঁপানির কারণ ও ঝুঁকি
হাঁপানি সাধারণত একক কোনো কারণে হয় না। এটি বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক কারণের সমন্বয়ে সৃষ্টি হয়। এর মধ্যে আছে—
ধুলোবালি ও বায়ুদূষণ
ফুলের রেণু, মাইট ও পশুর লোম
ধূমপান ও রাসায়নিক ধোঁয়া
ঠাণ্ডা ও আর্দ্র আবহাওয়া
মানসিক চাপ ও উদ্বেগ
কিছু ওষুধ ও খাদ্য উপাদান
এছাড়া বংশগত কারণও হাঁপানির ঝুঁকি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবারের কারও হাঁপানি থাকলে পরবর্তী প্রজন্মে ঝুঁকি বেশি থাকে।
হাঁপানির প্রকারভেদ
হাঁপানি একাধিক ধরনের হতে পারে। যেমন—
অ্যালার্জিক হাঁপানি: ধুলা, ফুলের রেণু বা অ্যালার্জেনের কারণে হয়।
নন-অ্যালার্জিক হাঁপানি: ঠাণ্ডা বাতাস, ধোঁয়া বা রাসায়নিকের কারণে হয়।
ব্যায়ামজনিত হাঁপানি: শারীরিক পরিশ্রমে শ্বাসকষ্ট বাড়ে।
পেশাগত হাঁপানি: কর্মক্ষেত্রের ধুলা ও রাসায়নিকের কারণে হয়।
রাত্রিকালীন হাঁপানি: রাতে বা ভোরে বেশি দেখা দেয়।
মিশ্র হাঁপানি: একাধিক কারণ একসঙ্গে কাজ করে।
ঘরোয়া পরামর্শ
হাঁপানি নিয়ন্ত্রণে কিছু ঘরোয়া যত্ন রোগীকে স্বস্তি দিতে পারে—
গরম পানির বাষ্প গ্রহণ: দিনে দুয়েকবার হালকা বাষ্প গ্রহণ শ্বাসনালি খুলতে সাহায্য করে।
আদা ও মধু: আদা চা বা মধুর সঙ্গে আদা প্রদাহ কমাতে সহায়ক হতে পারে।
কালোজিরা ব্যবহার: কালোজিরা মধুর সঙ্গে বা হালকা গরম পানিতে গ্রহণ করা যেতে পারে।
কুসুম গরম পানি পান: নিয়মিত কুসুম গরম পানি শ্বাসতন্ত্রকে স্বস্তি দেয়।
পরিষ্কার পরিবেশ বজায় রাখা: ঘরের ধুলা, মাইট ও স্যাঁতসেঁতে পরিবেশ কমানো জরুরি।
শ্বাস-প্রশ্বাস ব্যায়াম: হালকা শ্বাসের ব্যায়াম ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ঠাণ্ডা ও ধোঁয়া এড়িয়ে চলা: ঠাণ্ডা পানীয়, ধূমপান ও ধোঁয়াযুক্ত পরিবেশ থেকে দূরে থাকা প্রয়োজন।
হাঁপানি নিয়ে ভুল ধারণা
অনেকের মধ্যে ধারণা রয়েছে যে হাঁপানি একটি প্রাণঘাতী বা সম্পূর্ণ নিরাময় অযোগ্য রোগ। বাস্তবে এটি নিয়ন্ত্রণযোগ্য একটি দীর্ঘমেয়াদি রোগ। সঠিক চিকিৎসা, নিয়মিত ইনহেলার ব্যবহার এবং সচেতনতা বজায় রাখলে রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
পরিশেষে বলতে চাই, হাঁপানি কোনো আতঙ্কের রোগ নয়, বরং এটি একটি নিয়ন্ত্রণযোগ্য শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি সমস্যা। বিশ্ব হাঁপানি দিবস আমাদের মনে করিয়ে দেয়—সচেতনতা, সঠিক চিকিৎসা, এবং পরিবেশগত সতর্কতা মেনে চললে হাঁপানি নিয়েও সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন সম্ভব।
লেখক: কলাম লেখক ও জনস্বাস্থ্য বিশ্লেষক


