জনপ্রিয় জাতীয় দৈনিক খবরের কাগজ পত্রিকার পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর উদ্যোগে ফেনীতে দুস্থ রোজাদারদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় বটুয়াদীঘিরপাড় জামে মসজিদ প্রাঙ্গণে অর্ধশত দুস্থ পরিবারের মাঝে এই ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জজ কোর্টের আইনজীবী ও ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, ‘সংবাদমাধ্যমগুলো শুধু সংবাদ পরিবেশনই করে না। সামাজিক নানা কাজেও তারা ভূমিকা রেখে চলেছে। খবরের কাগজের বন্ধুজন বন্যার সময়ও মানুষের পাশে ছিল। আজ ইফতার আয়োজনের মধ্য দিয়ে আবার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এসব মানবিক কাজে এগিয়ে আসার জন্য খবরের কাগজ বন্ধুজনের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী থেকে প্রকাশিত দৈনিক ফেনীর সম্পাদক ও প্রকাশক আরিফুল আমীর রিজভী। বিশেষ অতিথি ছিলেন আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) সহ-সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের ফেনী প্রতিনিধি দিদারুল আলম, সাপ্তাহিক ফেনী রবির পত্রিকার নির্বাহী সম্পাদক নজির আহাম্মদ রতন, বটুয়াদীঘিরপাড় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাজহারুল হক সুমন।
দৈনিক খবরের কাগজের ফেনী জেলা প্রতিনিধি তোফায়েল আহাম্মদ নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দীপ্ত টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ফেনী প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন, ভোরের দর্পণের ফেনী জেলা প্রতিনিধি হাবিব মিয়াজী, বাংলা ভিশন টিভির ক্যামরাপারসন মিরাজুল ইসলাম মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মঠবাড়ীয়া আজিজুল উলুম মাদ্রাসার মোহতামিম ও বটুয়াদীঘিরপাড় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হোসাইন আহমেদ।
এদিকে ইফতারসামগ্রী পেয়ে অসহায় পরিবারগুলো যারপরনাই খুশি। তারা ‘বন্ধুজন’-এর এ উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন।