আগের রাতের ঝোড়ো হাওয়া আর শিলাবৃষ্টির ক্ষত তখনো মেলা প্রাঙ্গণের সর্বত্র চোখে পড়ছিল। কোথাও জমে থাকা পানি, কোথাও প্যাচপেচে কাদা। কিন্তু প্রতিকূল প্রকৃতি হার মেনেছে বইপ্রেমীদের কাছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের কর্দমাক্ত মাঠ মাড়িয়েই পাঠকদের ঢল নামে অমর একুশে বইমেলায়। মেলার শেষভাগে এসে নতুন বইয়ের ঘ্রাণে সব বাধা জয় করে মেলা প্রাঙ্গণ মুখরিত করে তোলেন লেখক-পাঠক দর্শনার্থীরা।
মেলার মাঠের এখানে-ওখানে কাদা জমে গেলেও তা দমাতে পারেনি বই কেনা। বরং সন্ধ্যার পর ইফতার শেষে তরুণদের দলবেঁধে স্টলে স্টলে ঘোরার দৃশ্য ছিল চোখে পড়ার মতো।
কথা হয় এক তরুণ পাঠকের সঙ্গে। তিনি খবরের কাগজকে বলেন, ‘মেলার শেষ সময় চলে এসেছে। আবহাওয়া যা-ই হোক, বছরের এই প্রিয় সময়টাতে নতুন বইগুলো সংগ্রহ না করলে চলে না। এবার দারুণ সব বই এসেছে, পছন্দের তালিকা থেকে যতটা সম্ভব সংগ্রহ করছি।’
বৃষ্টির কারণে কিছু প্রকাশনা প্রতিষ্ঠান সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বিকেলের কড়া রোদে বই শুকানোর পাশাপাশি পাঠকদের সেবা দিতে তৎপর ছিলেন কর্মীরা। বিদ্যাপ্রকাশ, পুঁথিনিলয়সহ ক্ষতিগ্রস্ত স্টলগুলোর আশপাশে জমে থাকা পানি অপসারণে কাজ করতে দেখা গেছে বাংলা একাডেমির কর্মীদের।
এবারের মেলায় সবচেয়ে আশার দিক ছিল তরুণ পাঠকদের আগ্রহের পরিবর্তন। কেবল ফিকশন নয়, সিরিয়াস গবেষণা ও সমকালীন সাহিত্যের খোঁজে বিভিন্ন স্টলে তরুণদের আনাগোনা বেশি ছিল। প্রকাশকরা বলছেন, তরুণ প্রজন্মের পাঠাভ্যাসের এই পরিবর্তন মেলাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
শিশুদের জন্য খোলা মঞ্চের পাশে রোদে বই শুকাতে দেখা গেলেও শিশু চত্বরে শিশু-কিশোরদের ভিড় কমেনি। মেলার শেষ মুহূর্তের কেনাকাটায় পাঠকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই জানান দিচ্ছে–সব দুর্যোগ ছাপিয়ে বইয়ের জয়গানই অমর একুশে বইমেলার শেষ কথা।
কাদামাখা পথ পেরিয়ে বিদ্যাপ্রকাশের স্টলে বৈকালিক আড্ডায় মেতে উঠেছিলেন কথাসাহিত্যিক মোস্তফা কামাল ও মোহিত কামাল। সময় প্রকাশনের স্টলের সামনে দেখা মিলল রহস্য-রোমাঞ্চ লেখক দীপু মাহমুদের। তিনি স্টলের অবকাঠামো নিয়ে কয়েকজন তরুণের সঙ্গে কী যেন শলাপরামর্শ করছিলেন।
গতকাল অমর একুশে বইমেলায় বেশ কয়েকটি নতুন বই এসেছে। টাঙ্গন থেকে এসেছে শামসুল হুদা সম্পাদিত ‘ইলা মিত্রের জন্মশতবর্ষ’; পাঞ্জেরী পাবলিকেশনস এনেছে নাসির আলী মামুনের স্মৃতিচারণামূলক বই ‘যে জীবন যার’ এবং তাশরিক-ই-হাবিবের স্মৃতিচারণামূলক বই ‘কথাশিল্পী শহীদুল জহির’; চন্দ্রবিন্দু এনেছে ময়ুখ চৌধুরীর গবেষণাধর্মী বই ‘ঊনিশ শতকের নবচেতনা ও বাংলা কাব্যের গতিপ্রকৃতি’; অনন্যা এনেছে মুহাম্মদ সামাদের কাব্যগ্রন্থ ‘আমার জীবন সংগ্রামমুখর’; পুঁথিনিলয় এনেছে দিদার হাসানের ভ্রমণকথা ‘দেখা অদেখা’।
চন্দ্রবিন্দু এনেছে চিত্রশিল্পী ও কবি নির্ঝর নৈঃশব্দ্যের নিরীক্ষামূলক প্রথম উপন্যাস ‘সমুদ্রের দিকে’। ৫ আগস্ট ২৪ সালের পরের ঢাকা শহরের এক রাত্রির আখ্যানের এই বই। একটা ডিসটোপিয়ান শহর ছেড়ে সারারাত্রি দুঃস্বপ্নের পেটের ভেতর হেঁটে হেঁটে একজন লেখক-চিত্রী অবশেষে দেখা পায় সমুদ্রের।
বইমেলায় বিক্রি ৮০ শতাংশ কমেছে, দাবি প্রকাশক ঐক্যের
২০২৬ সালের অমর একুশে বইমেলায় বই বিক্রি গত বছরের তুলনায় প্রায় ৮০ শতাংশ কমেছে বলে দাবি করেছে প্রকাশকদের সংগঠন প্রকাশক ঐক্য। গতকাল বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে প্রকাশক ঐক্যের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন।
লিখিত বক্তব্যে বলা হয়, সামগ্রিকভাবে অন্যান্য স্বাভাবিক বছরের তুলনায় এবারের বই বিক্রি প্রায় ৭০ শতাংশ কমেছে। অংশগ্রহণকারী প্রায় ৯০ শতাংশ প্রকাশকের স্টল নির্মাণের প্রাথমিক খরচটুকুও ওঠেনি। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ প্রকাশকের স্টলে ৫ হাজার টাকার বইও বিক্রি হয়নি।
প্রকাশনা শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের কাছে কয়েকটি দাবি জানিয়েছে প্রকাশক ঐক্য। এর মধ্যে রয়েছে–ক্ষতিগ্রস্ত প্রকাশকদের সহায়তায় সরকারিভাবে প্রতিটি অংশগ্রহণকারী প্রকাশকের অন্তত একটি করে মানসম্পন্ন বইয়ের ৩০০ থেকে ৫০০ কপি কেনা, প্রকাশনা খাতের জন্য সরকারি বই ক্রয়ের বাজেট বৃদ্ধি এবং প্রকাশনা সম্পর্কিত প্রশিক্ষণের ব্যবস্থা করা। এ ছাড়া স্কুল-কলেজের লাইব্রেরি উন্নয়ন, বন্ধ হয়ে যাওয়া লাইব্রেরি পুনরায় চালু করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ‘লাইব্রেরি ক্লাস’ বাধ্যতামূলক করার প্রস্তাবও দেওয়া হয়। একই সঙ্গে দেশব্যাপী পাঠাভ্যাস গড়ে তুলতে একটি সমন্বিত কর্মসূচি নেওয়ার আহ্বান জানায় প্রকাশক ঐক্য।
গুণীজন স্মৃতি পুরস্কার ঘোষণা
প্রকাশনা শিল্পে অনন্য অবদানের জন্য এ বছর বেশ কয়েকটি প্রতিষ্ঠান গুণীজন স্মৃতি পুরস্কার পাচ্ছে।
২০২৫ সালে বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য কথাপ্রকাশ পাচ্ছে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’। ২০২৫ সালে প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা গ্রন্থের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য, প্রথমা, ইউপিএল ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ পাচ্ছে।
২০২৫ সালে গুণমান বিচারে সর্বাধিক শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশনস পাচ্ছে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’। গুণগতমান বিচারে সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে সহজ প্রকাশ পাবে ‘সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার’। এবারের বইমেলায় নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশনস, মাত্রা প্রকাশ, বেঙ্গলবুকস ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ পাচ্ছে।
আজ রবিবার বেলা ৩টায় বইমেলার সমাপনী আয়োজনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রকাশকদের হাতে এসব পুরস্কার তুলে দেবেন।