চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে সাবেক সেনা কর্মকর্তাসহ দুই নিরাপত্তাকর্মী খুনের সঙ্গে জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি, তদন্ত) সুধাংশু শেখর হালদার।
গ্রেপ্তার আসামির নাম হামিদুর রহমান কালু (২২)। তিনি বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার খলিলুর রহমানের ছেলে।
বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান কায়কোবাদ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি হামিদুর রহমানকে ইপিজেড এলাকার আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জোড়া খুনে জড়িত বলে স্বীকার করেছেন। তিনি স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যার দায় স্বীকার করে অন্যান্য আসামিদের জড়িত থাকার বিষয়টিও তুলে ধরেছেন।
গত ২ সেপ্টেম্বর ভোরে একদল যুবক কয়লা প্রকল্পে চুরি করতে যায়। এ সময় নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ছরওয়ার আলম (৫১) এবং রাশেদ জাওয়ারদার (২২) নিহত হন।
ছরওয়ার আলম কয়লাবিদ্যুৎ প্রকল্পে সিকিউরিটি ইনচার্জ ছিলেন। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা গ্রামের আবদুর রহমানের ছেলে।
আর রাশেদ জাওয়ারদার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাওয়ারদার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
শফকত হোসাইন/অমিয়/