রাজধানীর লালবাগ থানার নবাবগঞ্জ বাজারের একটি গোডাউন থেকে অবৈধভাবে মজুত করে রাখা সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তেল ও ডাল জব্দ করেছে সেনবাহিনী ও পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে
সোমবার (২৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহ আলম ও আরিফ হোসেন। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, গতকাল রবিবার রাত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ নবাবগঞ্জ বাজারে যৌথ অভিযান চালায়। সেখানকার মোহাম্মদ শুকুর আলী আকন্দের গোডাউনে তল্লাশি চালিয়ে টিসিবির ৬৫০ বোতল সয়াবিন তেল ও ১ হাজার ৩৪০ কেজি ডাল জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৩ লাখ ২৯ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা এই অবৈধ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের লালবাগ থানায় হস্তান্তর করা হয়।
আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী।