নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের হিড়নাল এলাকায় পূর্ব শত্রুতার জেরে ফেসবুক লাইভে এসে শান্ত সরকার নামে এক যুবদল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা মামলায় অন্যতম আসামি চিহ্নিত মাদককারবারি শাহীন আকন্দকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (৩ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হলে দুপুরে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
শাহীন আকন্দ উপজেলার পলখান এলাকা বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, তিন মাস আগে শান্ত সরকার হত্যাকাণ্ডে তার চাচা সালাহউদ্দিন সরকার বাদী হয়ে ১৮ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলার অন্যতম আসামি শাহীন আকন্দকে র্যাব সিপিসি-৩ এর একটি দল গ্রেপ্তার করে। আমরা আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠিয়েছি।
এর আগে গত ২১ এপ্রিল সকালে যুবদল কর্মী শান্ত সরকারকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করলে ১০ দিন পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৌসুমী/অমিয়/