ঢাকার ধামরাইয়ে পৌরসভার ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় মো. ফরিদ আলী (২৩) নামে এক ভুয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে ধামরাই থানা পুলিশের অস্থায়ী চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক মো. ফরিদ আলী ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার গাড়াবাড়ি এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, ধামরাই থানা পুলিশ ঢাকা আরিচা মহাসড়কের কচমচ এলাকার পুলিশের অস্থায়ী চেকপোস্ট তল্লাশির সময় ঢাকা থেকে মানিকগঞ্জগামী সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামানোর জন্য সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে গাড়ির ভেতর থাকা ফরিদ আলী নিজেকে একজন এনএসআই সদস্য বলে জানান। গাড়িতে তার ভগ্নিপতি (মিরপুর ক্যান্টনমেন্টে কর্মরত গাড়িচালক মো. আমিরুল ইসলাম) ও এক গাড়িচালক সঙ্গে ছিলেন। এ সময় তল্লাশির একপর্যায়ে পুলিশের সঙ্গে অশালীন আচরণ করায় পুলিশের সন্দেহ বেড়ে যায় এবং ফরিদ আলীকে আটক করেন। পরে ফরিদ আলী নিজেই একজন ভুয়া এনএসআই সদস্য বলে স্বীকার করেন। এ ছাড়া তিনি ঝিনাইদহ কেশবচন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং তার এক আত্মীয় তাকে এনএসআইয়ের কার্ড বানিয়ে দিয়েছেন বলে জানান।
অপরদিকে ধামরাইয়ে কর্মরত এনএসআই প্রতিনিধিদের বিষয়টি জানান ধামরাই থানা পুলিশ এবং যাচাই করার জন্য বলেন । ধামরাইয়ে কর্মরত এনএসআই সদস্যরা বিষয়টি তাদের উর্ধতন কর্মকর্তাদের জানালে তদন্ত করে জানতে পারেন ঔই লোকটি এনএসআইয়ের কোনো সদস্য নন এবং সঙ্গে থাকা কার্ডটি ভুয়া প্রমানিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ফরিদ আলী জেলা এনএসআই মেহেরপুর কার্যালয়ে কর্মরত ওয়্যারলেস অপারেটর বলে দাবি করেন। যা যাচাই-বাছাইয়ে মিথ্যা প্রমানিত হয়।
ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, আটক ফরিদ আলীকে রাতেই থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে কোনো রিমান্ড না চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার ভগ্নিপতি ও গাড়ির চালককে ছেড়ে দেওয়া হয়েছে।
রুহুল/মেহেদী/