সপ্তম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: রাসায়নিক সাম্যাবস্থাকে গতিময় অবস্থা বলা হয় কেন?
উত্তর: রাসায়নিক সাম্যাবস্থায় একই সঙ্গে সম্মুখ ও পশ্চাৎ দুই বিক্রিয়াই সংঘটিত হয়। তবে এই অবস্থায় সম্মুখ বিক্রিয়া যে হারে ঘটে পশ্চাৎ বিক্রিয়া একই হারে ঘটে। তাই আপাতদৃষ্টিতে দেখলে মনে হয় এটি একটি স্থির অবস্থা কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি গতিময় অবস্থা। তাই রাসায়নিক সাম্যাবস্থাকে গতিময় অবস্থা বলা হয়।
প্রশ্ন: অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া ঘটে?
উত্তর: অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবনে প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয়। কারণ এন্টাসিড জাতীয় ওষুধে ধাতব হাইড্রোক্সাইড [যেমন– Al(OH)3; Mg(OH2)] থাকে যা ক্ষারধর্মী। এটি পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডের (HCl) সঙ্গে বিক্রিয়া করে নিরপেক্ষ লবণ ও পানি উৎপন্ন করে। ফলে পেটের জ্বালা যন্ত্রণা দূর হয়, বিক্রিয়াটি নিম্নরূপ–
3HCl + Al(OH)3- AlCl3 + 3H2O
আরো পড়ুন : রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের ৭টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এসএসসি পরীক্ষার রসায়ন
প্রশ্ন: জারণ সংখ্যা ও যোজনী এক নয় কেন?
উত্তর: জারণ সংখ্যা হলো এমন একটি সংখ্যা, যা দিয়ে মৌলের পরমাণুতে সৃষ্ট তড়িৎ চার্জের প্রকৃতি ও সংখ্যামান উভয়ই প্রকাশ পায়। অন্যদিকে যোজনী হলো একটি মৌল অপর মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা। তাছাড়া জারণ সংখ্যা ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে, যোজনী একটি পূর্ণ সংখ্যা। এ কারণেই জারণ সংখ্যা ও যোজনী এক নয়।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর