অনুচ্ছেদ লিখন
পরিবেশ দূষণ
মানুষের বসবাসের উপযুক্ত চারপাশের পরিধিকে বলা হয় পরিবেশ। পরিবেশের সঙ্গে মিলেমিশে মানুষ বা অন্যান্য প্রাণীর জীবনের বিকাশ ঘটে। নিজ নিজ পরিবেশ থেকেই তারা বাঁচার উপকরণ সংগ্রহ করে। সেসব উপকরণ থেকে প্রয়োজনীয় অংশ মানুষের ব্যবহারের পর পরিত্যক্ত অংশ ফিরে যায় সেই পরিবেশে। সেখান থেকে তা আবার মানুষ গ্রহণ করে। এভাবে জীবজগৎ ও তার পরিবেশের মধ্যে বেঁচে থাকার উপকরণের আদান-প্রদান চলে। আদান-প্রদানের ভারসাম্যের ওপর জীবের অস্তিত্ব নির্ভরশীল। এই ভারসাম্য নষ্ট হলে পরিবেশ দূষণ হয়। মানবসভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে পরিবেশদূষণের শুরু। মানুষ যেসব জিনিস ব্যবহার করে, আবার তার পরিত্যক্ত বিষাক্ত পদার্থই দূষণের সৃষ্টি করে। বাতাস, পানি ও শব্দ, এই তিন
আরো পড়ুন : বৃক্ষরোপণ অনুচ্ছেদ লিখন নিয়ে আলোচনা, ১ম পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ২য় পত্র
শ্রেণিতে দূষণকে ভাগ করা যায়। বাতাসে জীবের অস্তিত্বের ক্ষতিকর পদার্থের মাত্রা বেশি হলে তাকে বলা হয় বায়ুদূষণ। ধুলোবালি, ধোঁয়া, কীটনাশক, তেজস্ক্রিয় পদার্থ প্রভৃতি বায়ুদূষণের প্রধান কারণ। পানিদূষণ সাধারণত খালে বিলে, নদীনালা ও সাগরে ঘটে। কলকারখানার বর্জ্য, কীটনাশক, শহরের অপরিকল্পিত পয়োনিষ্কাশন পানিদূষণ ঘটায়। দূষিত পানি নানা ধরনের সংক্রামক রোগ ছড়ায়। যানবাহনের বিকট শব্দ থেকে ঘটে শব্দদূষণ। কলকারখানার শব্দ, গাড়ির হর্ন, মাইকের চিৎকার, বিকট আওয়াজ ইত্যাদি শব্দদূষণ ঘটায়। সব দূষণই ক্ষতিকর। এসব দূষণ মিলেই পরিবেশদূষণ হয়, যা মানবজাতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ হয়। তাই পরিবেশদূষণ যাতে না ঘটে, সে বিষয়ে প্রত্যেক মানুষের সচেতন হওয়া প্রয়োজন।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর