আজ ৩ জুলাই বৃহস্পতিবার দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২২ পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করতে যাচ্ছে। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। পরের বছর ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি। দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভিই সর্বপ্রথম ২০১১ সালের ৮ সেপ্টেম্বর আইএসও সনদ অর্জন করে। প্রতিবছরের মতো এবারও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে এনটিভি।
আজ সকাল ৬টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ ইসলামি অনুষ্ঠান ‘কোরআনুল কারিম: তেলওয়াত, অনুবাদ ও ব্যাখ্যা’। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজগণ। সকাল ৬টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘পেইন গেস্ট’। পাপ্পু রাজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুসাফির রনি। অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাশার, মিলি বাশার, সোমা ফেরদৌস প্রমুখ। সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে স্বাস্থ্যবিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘স্বাস্থ্য প্রতিদিন’-এর বিশেষ পর্ব। সকাল ৮টায় সরাসরি প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘আজ সকালের গানে’। সংগীত পরিবেশন করবেন শিল্পী শিমু দে। সকাল ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘এনটিভির নিমন্ত্রণে’। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে ছায়াছবি ‘তুফান’। রায়হান রাফির পরিচালনায় অভিনয় করেছেন শাকিব খান, মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দীন লাভলু প্রমুখ।
দুপুর ১টায় সরাসরি প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘উৎসবের গান’। সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী লায়লা, প্রিয়াংকা, মুহিন ও রাজিব। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন পুতুল। বিকেল ৫টা ২৫ মিনিটে সরাসরি প্রচার হবে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটার অনুষ্ঠান ‘এনটিভি বাইশ পেরিয়ে তেইশে’। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সরাসরি প্রচার হবে স্ট্যান্ডআপ কমেডি শো ‘হাসিতে খুশিতে তেইশে’। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বর্ষপূর্তির বিশেষ নাটক ‘সাথী’। আব্রাহাম তামিমের চিত্রনাট্য রচনায় নাটকটির গল্প ভাবনা ও পরিচালনা করেছেন রুবেল আনুশ। নাটকটিতে অভিনয় করেছেন পার্থ শেখ, সুমনা ইয়াসমিন, শেখ মাহবুবুর রহমান, আঞ্জুমান আরা শিরিন প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি প্রচার হবে বর্ষপূর্তির সংগীতানুষ্ঠান ‘এনটিভির জন্মদিনে সোলস’।
/আবরার জাহিন