এ সময়ের ছোট পর্দার পরিচিত মুখ ফররুখ আহমেদ রেহান। ২০২৪ সালের শেষের দিকে মিজানুর রহমান আরিয়ানের হাত ধরে ‘যুগল’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। নাটকটিতে রেহানের বিপরীতে অভিনয় করেছিলেন নাজনীন নীহা। এরপর একে একে কাজ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী থেকে শুরু করে তানজিন তিশা, সাফা কবির, সামিরা খান মাহি ছাড়াও আরও অনেকের সঙ্গেই।
বর্তমানে বেশ আলোচিত অভিনেতা তিনি। বিশেষ করে মেহজাবীন চৌধুরীর সঙ্গে ওয়েব ফিল্ম ‘নীল সুখ’ দিয়ে বিশেষভাবে আলোচিত হয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ফটোশুট ও বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন তিনি নিয়মিত। রেহান সাদামাটা এক তরুণ অভিনেতা হলেও তার অভিনয়ে আগামী দিনগুলো রঙিন হবে বলেও নাট্যাঙ্গনের অনেকে বলে থাকেন।
আগামী নভেম্বরে রেহান বেশকিছু ফিকশনে কাজ করবেন। সেই কাজগুলো নিয়ে এখন নানা ধরনের প্রস্তুতি চলছে। এদিকে আজ ৫ অক্টোবর রেহানের জন্মদিন। এ প্রসঙ্গে রেহান বলেন, ‘দেশের বেশকিছু প্রতিষ্ঠিত ফ্যাশন হাউসের কাজ করেই আমি এতদূর এসেছি। এখন অভিনয়ে ফোকাস দিচ্ছি। যতটা পারছি নিজেকে ডেভেলপ করছি। প্রচারিত কাজগুলোর বেশ ভালো সাড়া পেয়েছি। আর সামনে কিছু কাজের ঘোষণা আসবে, সেই কাজগুলো নিয়ে ভীষণ প্রত্যাশা।
জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে এটা সত্যি আমার খুব প্রিয় কিছু মানুষ আছেন মিডিয়াতে, বিশ্বাস করি তারা আমার বিশেষ দিনটিকে একটু বেশিই বিশেষায়িত করে তুলবেন। আমি রেহান একজন মানুষ হিসেবে যেমন আছি আজীবন যেন এমনই থাকি। কেউ যেন বলতে না পারে রেহান বদলে গেছে।’
/এমএস


.jpg)