ফ্যাশনে সাহসী ও ব্যতিক্রমী উপস্থাপনার জন্য পরিচিত মার্কিন র্যাপার কার্ডি বি। তবে সৌদি আরব সফরে গিয়ে তিনি সবাইকে চমকে দিয়েছেন একেবারে ভিন্ন, সংযত ও সাংস্কৃতিকভাবে সচেতন লুকে। রিয়াদে একটি কনসার্টে অংশ নিতে যাওয়ার আগে তিনি সম্পূর্ণ কালো, শরীর ঢাকা পোশাকে হাজির হন, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
রিয়াদে অবস্থানকালে কার্ডি বি পরেছিলেন মেঝে ছোঁয়া লম্বা কালো পোশাক, যার হাতা ছিল পূর্ণ দৈর্ঘ্যের এবং গলার অংশ ছিল উঁচু। মাথা ও কাঁধ ঢেকে রাখা ছিল ড্রেপ করা হুড বা স্কার্ফে, যা অনেকের কাছে হিজাবের মতোই মনে হয়েছে। অতিরিক্ত অলংকার ছাড়াই পরিমিত ও পরিচ্ছন্ন স্টাইলটি স্থানীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।
পরে রিয়াদের সলিটেয়ার মলে কেনাকাটার সময়ও তাকে একই পোশাকে দেখা যায়। এতে বোঝা যায়, এটি কেবল ছবি তোলার জন্য নয়, বরং সচেতনভাবেই তিনি এই লুক বেছে নিয়েছিলেন। উপস্থিত ভক্তদের সঙ্গে হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় তাকে।
সৌদি আরবে প্রথম রাতের অভিজ্ঞতা তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। একটি রেস্তোরাঁয় তাকে ‘ওয়েলকাম কার্ডি বি’ লেখা ডেজার্ট উপহার দেওয়া হয়, যা দেশটির আতিথেয়তার প্রতিফলন বলে মনে করছেন অনেকে। একটি লাইভে তিনি জানান, তার হোটেল রুমে ব্যক্তিগত জিমের সুবিধাও রয়েছে, যা আসন্ন ট্যুরের প্রস্তুতিতে সহায়ক।
কার্ডি বি আরও জানান, সৌদি আরবে কেনাকাটা নিয়েও তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন এবং সেখানে কিছু কেনাকাটাও করেছেন। সফরের সময় শিশু থেকে শুরু করে সাধারণ মানুষ— সবার কাছ থেকেই তিনি আন্তরিক অভ্যর্থনা পেয়েছেন।
এই সফরটি ছিল রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক সংগীত উৎসব ‘এমডিএল বিস্ট সাউন্ডস্টর্ম ২০২৫’-এ তার পরিবেশনার অংশ হিসেবে। সৌদি আরবে তার এই সংযত পোশাক শুধু আলোচনার বিষয়ই হয়নি বরং ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান ও সচেতনতার একটি উদাহরণ হিসেবেও দেখা হচ্ছে।
মেহেদী/