রাশিয়া যদি ইউক্রেন যুদ্ধের সমাধানে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তা হলে তার বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২২ জানুয়ারি) ট্রাম্পের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্টে একটি পোস্টে বলেন, ‘আমরা যদি খুব শিগগিরই একটি চুক্তি না করি, তা হলে আমার আর কোনো বিকল্প থাকবে না। রাশিয়া এবং যুদ্ধে অংশগ্রহণকারী অন্য দেশগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্র যে পণ্য ক্রয় করবে, আমি তার ওপর উচ্চ শুল্ক, কর এবং নিষেধাজ্ঞা আরোপ করব।’
তবে যুদ্ধে অংশগ্রহণকারী অন্য দেশগুলো বলতে কাদের বুঝিয়েছেন ট্রাম্প তার এই পোস্টে স্পষ্ট করেননি।
এদিকে রাশিয়ার ব্যাংকিং, প্রতিরক্ষা, উৎপাদন, শক্তি, প্রযুক্তি এবং অন্যান্য খাতের ওপর গত বছর থেকে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যার ফলে হাজার হাজার রাশিয়ার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, ‘চুক্তি নিয়ে ট্রাম্পের মনোভাব কী তা মস্কো দেখবে।’
ট্রাম্প নির্বাচনে বিজয়ী হওয়ার পর বহুবার দাবি করেছিলেন যে, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের প্রথম দিনেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি হতে পারে। তবে তার সহকারীরা স্বীকার করেছেন, যুদ্ধের সমাধানে একটি চুক্তি হতে কয়েক মাস বা তারও বেশি সময় লাগতে পারে।
ট্রাম্প আরও বলেন, ‘আমি রাশিয়ার একটি বড় উপকার করতে যাচ্ছি। তার অর্থনীতি ভেঙে পড়ছে এবং প্রেসিডেন্ট পুতিনকে বলছি, এখনই চুক্তি করুন এবং এই হাস্যকর যুদ্ধ বন্ধ করুন!’
তবে রয়টার্স জানায়, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা এখনো অনেক দূরে এবং অনেক ইউক্রেনীয় আশঙ্কা করছেন, তাদের বিপুল ক্ষয়ক্ষতির পর বড় ধরনের ছাড় দিতে হতে পারে।
যুদ্ধ এখন মূলত পূর্ব ইউক্রেনে ফ্রন্টলাইনগুলোতে সংঘর্ষের রূপ নিচ্ছে এবং উভয়পক্ষেরই প্রচুর প্রাণহানি ঘটেছে। সূত্র: রয়টার্স
তাওফিক/