যুক্তরাষ্ট্র রবিবার (২২ জুন) ইরানের সবচেয়ে সুরক্ষিত পরমাণু স্থাপনায় ‘বাংকার বাস্টার’ বোমা হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী তাদের অত্যাধুনিক বি-২ স্পিরিট স্টেলথ বোমার ব্যবহার করে ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টে ‘বাংকার বাস্টার’ বোমা ফেলে। এটি ইরানের সবচেয়ে গোপন ও পাহাড়ের নিচে অবস্থিত সুরক্ষিত একটি পারমাণবিক স্থাপনা। এদিন তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আঘাত হানা হয়। এই হামলাকে ‘অত্যন্ত সফল হামলা’ বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি আরও বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির মুকুট রত্ন ‘ফোর্দো’ ধ্বংস হয়ে গেছে।
বাংকার বাস্টার কী, কোথায় ব্যবহার করা হয়
যুক্তরাষ্ট্রের তৈরি এমওপি (ম্যাসিভ অর্ডন্যান্স পেনারেটর) হলো ৩০ হাজার পাউন্ড (প্রায় ১৪ হাজার কেজি) ওজনের একটি নির্ভুলভাবে লক্ষ্যের ওপর পরিচালিত বোমা। একেই বলা হয় ‘বাংকার-বাস্টার বোমা’। এই বোমার ওজন ১৩ টনেরও বেশি। উচ্চতা ৬ মিটার এবং এটি বাংকার ও সুড়ঙ্গ ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি করা। ধারণা করা হয়, এমওপি প্রায় ৬০ মিটার গভীরে পৌঁছে বিস্ফোরণ ঘটাতে পারে। সমর বিশেষজ্ঞরা বোমাটির বৈশিষ্ট্য ও কার্যকারিতা সম্পর্কে বিশ্লেষণ করেছেন।
১. বাংকার বাস্টার শব্দটি এমন বোমার জন্য ব্যবহৃত হয়, যা মাটির গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম।
২. যুক্তরাষ্ট্রে তৈরি ম্যাসিভ অর্ডন্যান্স পেনারেটর (এমওপি) যার আনুষ্ঠানিক নাম হচ্ছে জিবিইউ-৫৭ এ/বি। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ-পরমাণু বাংকার বাস্টার।
৩. প্রায় ১৪ হাজার কেজি ওজনের বোমাটি তৈরি হয়েছে শক্তভাবে নির্মিত এবং গভীরে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্য; যেমন ভূগর্ভস্থ বাংকার এবং পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য বোমাটি ব্যবহৃত হয়।।
৪. বোয়িং কোম্পানির ডিজাইন করা এই বোমার কাঠামোতে রয়েছে উচ্চশক্তির স্টিলের সংমিশ্রণ, যা শক্ত পাথর ও রিইনফোর্সড কংক্রিট ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে।
৫. এতে রয়েছে প্রায় ২ হাজার ৪০০ কেজি বিস্ফোরক, যা বিলম্বিত বিস্ফোরণ ব্যবস্থাকে ব্যবহার করে গভীর অভ্যন্তরে ঢুকে ধ্বংস সাধন করে। অর্থাৎ এটি গন্তব্যে পৌঁছানোর পরই বিস্ফোরিত হয়।
৬. জিপিএস ও ইনারশিয়াল নেভিগেশন সিস্টেম দ্বারা সজ্জিত, এমওপি অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি প্রতিকূল যুদ্ধ পরিস্থিতিতেও কয়েক মিটার ছাড়া তেমন লক্ষ্যভ্রষ্ট হয় না।
৭. এই বোমাটি প্রায় ২০০ ফুট (৬০ মিটার) পর্যন্ত মাটির নিচে যেতে অথবা কংক্রিট ভেদ করতে পারে, যা পুরোনো অস্ত্র যেমন জিবিইউ-২৮ বা বিএলইউ-১০৯-এর চেয়ে অনেক বেশি শক্তিশালী।
৮. এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল যুক্তরাষ্ট্র ফোর্দোতে ছয়টি বাংকার বাস্টার বোমা ফেলে।
৯. বি-২ স্পিরিট বিমান হলো আমেরিকার অন্যতম উন্নত কৌশলগত অস্ত্রবাহী প্ল্যাটফর্ম, যা অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ভেদ করে গোপন পারমাণবিক স্থাপনার মতো সুরক্ষিত লক্ষ্যবস্তুর ওপর সুনির্দিষ্টভাবে হামলা চালাতে সক্ষম।
১০. ফোর্দোতে জিবিইউ-৫৭ এমওপি বোমার আঘাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।
সূত্র: এনডিটিভি ও দ্য কনভার্সেশন