দুই মাসেই জনগণ বুঝে গেছে আগামী দিনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার শাসন কেমন হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, ‘বিএনপি কী আগের মতোই দলীয়করণ, দুর্নীতি ও স্বেচ্ছাচারি কায়দায় সরকার চালাবে নাকি আদতেই ৩১ দফার ভিত্তিতে তারা রাষ্ট্র মেরামত করবে, গত ২ মাসে জনগণ তা কিছুটা আঁচ করতে পেরেছে।’
শনিবার (২ মে) সকালে এবি পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
শোভাযাত্রা রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সদস্যরা। এরপর পল্টন মোড়, নাইটিংগেল ও কাকরাইল হয়ে আইডিইবি ভবনের সামনে এসে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘বাংলাদেশ ব্যাংকে গভর্নর পরিবর্তন, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ, মন্ত্রীর সন্তানদের দিয়ে বিসিবি বোর্ড গঠন, শিক্ষাপ্রতিষ্ঠান দখলের মহড়া ও সন্ত্রাস, থানার ভেতরে গিয়ে প্রতিপক্ষের ওপর হামলা, ২ মাসে ৪১ হাজার কোটি টাকার ঋণ, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে জ্বালানির জন্য হাহাকার, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, দ্রব্যমূল্য বৃদ্ধির ভয়াবহতা এরকম শত শত ঘটনা ও পরিসংখ্যান পরিস্কার বার্তা দেয় বিএনপির আগামী ৫৮ মাস কেমন যাবে!’
‘আমাদের স্বপ্ন আমরা যে কোন মূল্যে বাস্তবায়ন করবই’ এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর এই অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, ‘অনেকেই ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেয় কিন্তু স্লোগান হৃদয় দিয়ে ধারন করেন না। সবার আগে বাংলাদেশের পরিবর্তে তারা সবার আগে দলীয় নীতিতে চলে গিয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানকে ইচ্ছায় অনিচ্ছায় হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।’
দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘নতুন রাজনীতির বন্দোবস্তায় সেবা ও সমস্যা সমাধানভিত্তিক রাজনীতি, রাজপরিবারের বাইরে বিকল্প নেতৃত্বের উত্থান একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। পুরনো ধ্যান-ধারণার রাজনীতি থেকে বেরিয়ে এসে রাষ্ট্রীয় সংস্কারের যে দাবি আজ জোরালো হয়েছে, তা এবি পার্টি দীর্ঘদিন ধরেই তুলে আসছে। প্রতারণামূলক পুরনো রাজনৈতিক ধারার অবসান ঘটিয়ে জনগণকেন্দ্রিক নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।’
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান ও শাহাদাতুল্লাহ টুটুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল বাসেত মারজান, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির ও ক্রীড়া সম্পাদক মিয়া মোহাম্মাদ তৌফিক প্রমুখ।
শফিকুল ইসলাম/রিফাত/