রাসুলুল্লাহ (সা.)-কে আমরা সামনাসামনি দেখিনি। তাঁকে দেখেছেন এমন কারও মুখ থেকে আমরা তাঁর ব্যাপারে কোনো বর্ণনাও শুনিনি। তাহলে কীভাবে জানব—তিনি কেমন ছিলেন? কেমন ছিল তাঁর দৈহিক আকৃতি? তিনি কী লম্বা ছিলেন নাকি ছিলেন খাটো? এসব তথ্য জানার সবচেয়ে প্রসিদ্ধ মাধ্যম হলো হাদিস। রাসুলুল্লাহ (সা.)-এর দৈহিক গঠন কেমন ছিল—অনেক মুসলমানের মাঝে সেটা জানার আগ্রহ রয়েছে। এ সম্পর্কে হাদিসে যেসব বর্ণনা পাওয়া যায়, তা তুলে ধরা হলো—
রাবিয়া ইবনে আবদুর রহমান থেকে বর্ণিত, তিনি আনাস (রা.)-কে বলতে শুনেছেন, ‘রাসুলুল্লাহ (সা.) অতিরিক্ত লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটোও ছিলেন না। ধবধবে সাদাও ছিলেন না, পিঙ্গল বর্ণেরও ছিলেন না।’ (বুখারি, হাদিস: ৩৫৪৮; মুসলিম, হাদিস: ২৩৪৭)
রাসুলুল্লাহ (সা.)-এর দেহ মোবারক ছিল মধ্যম গড়নের। খাটোর তুলনায় লম্বার দিকে ঝোঁকা ছিল। তাঁর দৈহিক কাঠামো ছিল প্রশংসিত। (তুহফাতুল আহওয়াজি, ১০/৬৮)
আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) মধ্যম গড়নের ছিলেন। অধিক লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না। সুদর্শন দেহের অধিকারী ছিলেন তিনি।’ (তিরমিজি, হাদিস: ১৭৫৪)
ইবনে হাজার আসকালানী (রহ.) হাসান হাদিসের সূত্রে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণনা করেছেন, ‘রাসুলুল্লাহ (সা.) মধ্যম গড়নের লম্বার নিকটতর ছিলেন।’ (ফাতহুল বারি, ৬/৫৬৯)
বারা ইবনে আবদুল আজিজ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) মধ্যম আকৃতির ছিলেন। তাঁর উভয় কাঁধের মধ্যখান কিছুটা প্রশস্ত ছিল।’ (বুখারি, হাদিস: ৩৫৫১; মুসলিম, হাদিস: ২৩৩৭)
এ হাদিসের ব্যাখ্যা থেকে জানা যায়, রাসুলুল্লাহ (সা.)-এর সিনা মোবারক প্রশস্ত ছিল। আর এটা আভিজাত্যের প্রতীক। (শরহুশ শামাইল, বাজুরি, পৃষ্ঠা: ৩২)
আলী ইবনে আবু তালিব থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) বেটেও ছিলেন না কিংবা অধিক লম্বাও ছিলেন না। হাত-পায়ের তালু ও আঙুলগুলো মাংসল ছিল। মাথা কিছুটা বড় ছিল এবং গ্রন্থিগুলো মোটা ও মজবুত ছিল।’ (তিরমিজি, হাদিস: ৩৬৩৭)
ইবনে আসির (রহ.) লিখেছেন, ‘হাত-পায়ের তালু ও আঙুলগুলো মোটা ও পরিমিত লম্বা ছিল। কেউ কেউ বলেছেন, আঙুলগুলোর অগ্রভাগ মোটা ছিল। এ রকম হওয়া পুরুষের জন্য প্রশংসনীয়।’ (আন-নিহায়া, ২/৪৪৪)
জাবির ইবনে সামুরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘প্রশস্ত চেহারার অধিকারী ছিলেন রাসুলুল্লাহ (সা.)। তিনি ছিলেন সুষম গোড়ালিবিশিষ্ট।’ (মুসলিম, হাদিস : ২৩৩৯)
ইমাম নববী (রহ)-সহ অধিকাংশ আলেমেদ্বীনের মতে, ‘রাসুলুল্লাহ (সা.) প্রশস্ত চেহরাবিশিষ্ট ছিলেন।’ (শামায়েলে তিরমিজি, ইমাম তিরমিজি, অনুবাদ: ইলিয়াস খান, পথিক প্রকাশন, ১/২৭)
লেখক : আলেম, গবেষক ও সাংবাদিক