আমাদের সমাজে উত্তরাধিকার বা মিরাস নিয়ে নানা জটিলতা এবং অন্যায় আচরণের ঘটনা ঘটে থাকে। এর মধ্যে একটি গুরুতর ও হৃদয়বিদারক সমস্যা হলো, ত্যাজ্যসম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করা। এটি শুধু অন্যায় নয়, বরং ইসলামি শরিয়ত ও মানবিক দৃষ্টিকোণ থেকে চরম বৈষম্যমূলক, অনৈতিক ও অমানবিক একটি কাজ।
প্রায়শই দেখা যায়, কোনো বোন যখন বিপদে পড়ে তার বৈধ মিরাসের ভাগটি চাইতে যান, তখন তাকে নানাভাবে তিরস্কার করা হয়, এমনকি সামাজিকভাবে একঘরে করে দেওয়া হয়। এর চেয়েও ভয়াবহ হলো, যদি কোনো বোন তার প্রাপ্য সম্পদ নিয়েও যায়, তা হলে তাকে ভাইদের কাছ থেকে ভবিষ্যতে আশ্রয় পাওয়া বা মাথা গোঁজার অধিকার হারানোর ভয় দেখানো হয়। এটি আধুনিক যুগেও জাহিলি (ইসলাম-পূর্ব বর্বর) যুগের চরম বৈষম্যমূলক আচরণের প্রতিচ্ছবি।
বোনের হক ইসলাম কী বলে?
ইসলাম নারীকে যে মর্যাদা ও অধিকার দিয়েছে, তার একটি বড় অংশ হলো সম্পত্তির উত্তরাধিকার। পবিত্র কোরআন সুনির্দিষ্টভাবে নারী-পুরুষ নির্বিশেষে সব ওয়ারিশের (উত্তরাধিকারী) প্রাপ্য অংশ নির্ধারণ করে দিয়েছে। এখানে কোনো ব্যক্তি বা সমাজের প্রথা দ্বারা এই অধিকার পরিবর্তন করার সুযোগ নেই।
বোনের হক ভাই আদায় করেছে, এ কথা তখনই বলা যাবে, যখন: এক. তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে: বোনদেরকে তাদের শরিয়তসম্মত পাওনা মিরাস সম্পূর্ণভাবে এবং স্বেচ্ছায় বুঝিয়ে দিতে হবে। এখানে কোনো চাপ, ভয়ভীতি বা মানসিক পীড়নের সুযোগ নেই। দুই. সাধ্যমতো খোঁজখবর নেওয়া হবে: শুধু সম্পত্তি বুঝিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। ভাই হিসেবে বোনদের খোঁজখবর রাখা, বিপদে-আপদে তাদের পাশে দাঁড়ানো এবং সাধ্যমতো সহযোগিতা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখার অন্যতম প্রধান শর্ত।
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিণতি
ইসলাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যারা মিরাস দাবি করার কারণে বা অন্য কোনো পার্থিব কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, বিশেষ করে বোনদের সাথে দুর্ব্যবহার করে, তারা আল্লাহর কাছে কঠিন অপরাধী হিসেবে গণ্য হবে। পবিত্র হাদিসে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মনে রাখা দরকার, সম্পদ ক্ষণস্থায়ী। কিন্তু আত্মীয়তার সম্পর্ক এবং এর প্রতিপালন ইহকাল ও পরকালে শান্তি ও সফলতার চাবিকাঠি। আসুন, আমরা সচেতন হই এবং নিশ্চিত করি যেন মিরাস নিয়ে কোনো বোনের অধিকার ক্ষুণ্ণ না হয় এবং এই অজুহাতে যেন কোনো পবিত্র সম্পর্ক ছিন্ন না হয়।
লেখক: আলেম ও সাংবাদিক