শীত এলেই তনয় গোসল করতে চায় না। এ বছরের শীত শুরু হতেই সে গোসল করা বন্ধ করে দিয়েছে। আজ সপ্তম দিন, তনয় আবারও গোসল না করে স্কুলে গেল। মা বকুনি দিলে বা হালকা মারধর করলে তনয় মাঝে মাঝে গোসল করে। কিন্তু এবার সে মোটেও লজ্জা পাচ্ছে না।
স্কুলে পৌঁছাতেই স্যার তনয়কে জিজ্ঞেস করলেন, তুমি কত দিন গোসল করোনি?
দৈনিকই করি, স্যার। তনয় মাথা উঁচু করে বলল।
না, তুমি মিনিমাম সাত-আট দিন গোসল করোনি। স্যারের কণ্ঠ কঠিন।
তনয় চুপ করে দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবল, আমি তো সাত দিন গোসল করিনি স্যার জানল কীভাবে? এত লজ্জা আগে কখনো পাইনি। বন্ধুদের সামনে লজ্জা পেয়েছি। পুরো স্কুল জানলে প্রেস্টিজ তো পুরোপুরি ভেঙে যেত।
তনয় মনে করল, এটা নিশ্চয়ই অমিয় বলেছে। অমিয় তার পাশের বাড়ির ছেলে, এক ক্লাস নিচে পড়ে। তনয় দ্রুত অমিয়কে খুঁজে গেল।
তুই স্যারের কাছে কী বলেছিস? তনয় জিজ্ঞেস করল।
কিছুই বলিনি। অমিয় মৃদু কণ্ঠে বলল।
তুই বলেছিস?
না, বলিনি।
তনয় রেগে গিয়েছিল। বলল, মিথ্যা বললে চলবে না।
অমিয় দৃঢ়তার সঙ্গে বলল, আমি কিছু বলিনি।
তনয় অমিয়কে কিল-ঘুষি মারল। আর বলল, তুই স্যারকে বলিসনি আমি সাত দিন গোসল করিনি।
অমিয় বলল, আমি বলিনি। আমি তো জানিই না। তুই সাত দিন গোসল করিসনি।
তনয় আরও দুটি চর মেরে বলে না তুই জানিস। অমিয় কাঁদতে কাঁদতে স্যারের কাছে গিয়ে নালিশ করল।
স্যার ডাকলেন, কী হয়েছে? সে সাত দিন গোসল করেনি, আমি নাকি আপনাকে বলেছি। অমিয় বলল।
স্যার হেসে বললেন, আরে! তনয়, আমি নিজেই বুঝেছি। তুমি সাত দিন গোসল করোনি। সব ছাত্রছাত্রীকে ডেকে স্যার তনয়কে বললেন, জামা খুলো। তনয় জেদ করে জামা খুলতে চাইল না।
স্যার ধমক দিলেন, জামা খুলো।
অবশেষে তনয় জামা খুলে হাতে নিল। স্যার তার নাকের কাছে নিয়ে গিয়ে বললেন, দুর্গন্ধ আছে। কারণ তুমি গোসল করো না, জামা ধোও না। তাই আমি আন্দাজ করেছিলাম তুমি সাত-আট দিন গোসল করোনি।
স্যার শেষমেশ তনয়কে বললেন, সরি বলো। আর আগামীকাল থেকে নিয়মিত গোসল করবে।
স্কুলের সব ছাত্রছাত্রী হেসে ফেলল। তনয় লজ্জা পেল। ভাবল সত্যিই শীতের দিনে গোসল এত সহজ কাজ নয়। কঠিন কাজ। তবুও করতে হবে।
পরদিন স্কুলে যাওয়ার আগে তনয় গোসল করতে গেল। পুকুর পাড়ে অনেকক্ষণ বসে রইল। রোদ পোহাল। পানির কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। হাত সামান্য ভিজিয়ে বলল, নাহ গোসল করা সম্ভব না। কিন্তু গোসল করতে হবে। কী করা যায়? সোয়েটার পরে নিল। সোয়েটার পরে গোসল করলে শীত কম লাগবে এই জন্য। তারপর ধীরে ধীরে পানিতে নেমে কোনোমতে ডুব দিয়ে দৌড়ে উপরে উঠে এল।