ঈদের নামাজ শেষ হতেই মাঠজুড়ে শুরু হলো কোলাকুলির মহোৎসব। কে কাকে আগে জড়িয়ে ধরবে- এ যেন এক অলিখিত প্রতিযোগিতা!
রফিক সাহেব প্রতি বছরই খুব পরিকল্পনা করে কোলাকুলি করেন। কারণ, গত বছর তিনি ভুল করে এমন একজনকে জড়িয়ে ধরেছিলেন, যিনি পরে বলেছিলেন, ‘আমি কিন্তু আপনাকে চিনি না!’ সেই লজ্জা এখনো যায়নি। তাই এবার তিনি ঠিক করেছেন- শুধু পরিচিত মানুষকেই কোলাকুলি করবেন। কিন্তু সমস্যা হলো, ঈদের জামা, টুপি আর দাড়িতে সবাইকে একরকম লাগছে।
প্রথমেই তিনি দেখলেন এক ভদ্রলোক হাসিমুখে এগিয়ে আসছেন। মনে হলো চেনা চেনা। আর দেরি না করে তিনি ঝাঁপিয়ে পড়লেন-
ঈদ মোবারক ভাই!
ভদ্রলোকও জড়িয়ে ধরলেন, তবে একটু শক্ত করে। তার পর বললেন- ভাই, আমি আপনার শ্যালকের শ্বশুর।
রফিক সাহেবের মুখ শুকিয়ে গেল। তিনি তো জীবনে ওই মানুষটাকে দেখেনইনি!
এরপর তিনি সাবধানে হাঁটতে লাগলেন। কিন্তু বিপদ তখনো বাকি। পেছন থেকে কেউ এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরল- ঈদ মোবারক!
তিনি ঘুরে দেখলেন- তার অফিসের কঠোর বস! যিনি সারা বছর হাসেন না, আজ তিনি নিজে থেকে কোলাকুলি করছেন!
রফিক সাহেব ভয়ে ভয়ে বললেন, ‘স্যার… আপনি!’
স্যার হেসে বললেন, ‘আজ ঈদের দিন, অফিস নেই, আজ শুধু কোলাকুলি!’
মনে সাহস এল। তিনি ভাবলেন- আজ বুঝি সব ঠিকঠাকই চলছে।
ঠিক তখনই সামনে এলেন তার চিরশত্রু প্রতিবেশী করিম চাচা। সারা বছর জমি নিয়ে ঝগড়া, পানি নিয়ে ঝামেলা- কথা বন্ধ প্রায়। দুজনেই একে অন্যকে দেখে থমকে গেলেন।
চারপাশের লোকজন তাকিয়ে আছে। কেউ ফিসফিস করছে, দেখি, এবার কী হয়…!
করিম চাচা ধীরে ধীরে এগিয়ে এলেন। রফিক সাহেবও বাধ্য হয়ে এগোলেন।
এক মুহূর্ত নীরবতা… তার পর- দুজনেই হেসে জড়িয়ে ধরলেন!
করিম চাচা বললেন, ‘যাক, আজকের জন্য যুদ্ধবিরতি।’
রফিক সাহেবও হেসে ফেললেন, ‘ঈদের দিন শত্রুতা মানায় না।’
ঠিক তখনই পাশ থেকে ছোট্ট পুঁচকে উল্লাস চেঁচিয়ে উঠল, ‘চাচা, সালামি?’
দুজনেই একসঙ্গে পকেটে হাত দিলেন… তার পর একে অন্যের দিকে তাকিয়ে আবার হেসে উঠলেন।
মাঠ থেকে বের হতে হতে রফিক সাহেব ভাবলেন, ঈদের কোলাকুলি আসলে শুধু আলিঙ্গন নয়, এটা শত্রুতা ভুলে যাওয়ার সুযোগ, নতুন করে শান্তিময় সমাজ গড়ার হাতিয়ারও বটে!
বাড়ির দরজায় পৌঁছাতেই স্ত্রী বললেন, ‘আজ এত দেরি কেন?’
তিনি হেসে বললেন, ‘কোলাকুলির লাইনে ছিলাম।’
স্ত্রী সন্দেহের চোখে তাকালেন, ‘লাইনে? নাকি আড্ডায়?’
রফিক সাহেব চুপচাপ জুতা খুলতে লাগলেন। কারণ তিনি জানেন, ঈদের মাঠে কোলাকুলি যতই সহজ হোক, বাসায় ব্যাখ্যা দেওয়া কিন্তু তারচেয়ে কঠিন!